বাংলাদেশিসহ বিপুলসংখ্যক বিদেশি কর্মী নেবে ইতালি। এ লক্ষ্যে আগ্রহীদের আবেদনের সময়সীমা আগামী ৭ ডিসেম্বর শেষ হচ্ছে। এর আগে ২৩ অক্টোবর অনলাইনে আবেদন কার্যক্রম শুরু হয়।
জানা যায়, ২০২৭ সালে প্রায় ১ লাখ ৬৫ হাজারেরও বেশি বিদেশি কর্মী নেবে ইতালি সরকার। এ তালিকায় বাংলাদেশের সঙ্গে নাম রয়েছে আরও ৩৬ দেশের। তবে এ জন্য দেশটির সরকারি নির্দেশনী অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরিতে প্রার্থীদের আবেদন করতে হবে বলে জানিয়েছে ইতালির শ্রম মন্ত্রণালয়।
ইতালিতে বসবাসকারী শরণার্থী, আশ্রয়প্রার্থী এবং অভিবাসীদের তথ্যসেবা প্ল্যাটফর্ম রিফিউজি ইনফোর প্রতিবেদনে বিজ্ঞপ্তি অনুযায়ী বলা হয়েছে, ২০২৭ সালে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ জন বিদেশি শ্রমিককে বৈধভাবে ইতালিতে কাজ নিয়ে প্রবেশের সুযোগ করে দেয়া হবে। এ ক্ষেত্রে নন-সিজনাল ক্যাটাগরিতে ৭৬ হাজার ২০০, সিজনাল ক্যাটাগরিতে ৮৯ হাজার এবং নিজস্ব কাজের জন্য ৬৫০টি কোটা নির্ধারণ করা হয়েছে।
ইতালি যাওয়ার স্বপ্ন দেখিয়ে লিবিয়ায় নিয়ে জিম্মি, নিঃস্ব ৫ পরিবার
ইতালি সরকারের এই নিয়োগ প্রক্রিয়ার তালিকায় বাংলাদেশসহ আরও ৩৬টি দেশের নাম রয়েছে। সেসব দেশগুলো হলো―আলবেনিয়া, আলজেরিয়া, বসনিয়া-হার্জেগোভিনা, দক্ষিণ কোরিয়া, কেপ ভার্দে, ইকুয়েডর, মিশর, এল সালভাদর, ইথিওপিয়া, ফিলিপাইন, গাম্বিয়া, জর্জিয়া, ঘানা, জাপান, জর্ডান, গুয়াতেমালা, ভারত, কিরগিজস্তান, কসোভো, মালি, মরক্কো, মরিশাস, মলদোভা, মন্টেনেগ্রো, নাইজার, নাইজেরিয়া, পাকিস্তান, পেরু, উত্তর মেসিডোনিয়া, সেনেগাল, সার্বিয়া, শ্রীলঙ্কা, সুদান, থাইল্যান্ড, তিউনিসিয়া, ইউক্রেন ও উজবেকিস্তান।
আবেদনের প্রক্রিয়া ও নিয়মাবলি
আবেদনের সময়সীমা: উল্লেখিত দেশের নাগরিকরা আগামী ২৩ অক্টোবর সকাল ৯টা থেকে শুরু করে আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত ইতালি সরকারের নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে ক্যাটাগরি অনুযায়ী ইতালিয়ান একজন মালিকের মাধ্যমে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে পারবেন।
শক্তিশালী ফ্রান্স ও বেলজিয়ামের বিপক্ষে ইতালির স্কোয়াড ঘোষণা, দলে চমক
এরপর নির্ধারিত চারটি দিনে প্রার্থীরা তাদের আবেদনপত্র জমা দিতে পারবেন। তারিখগুলো হচ্ছে― ২০২৭ সালের ১২ জানুয়ারি, ৯ ফেব্রুয়ারি, ১৬ ফেব্রুয়ারি এবং ১৮ ফেব্রুয়ারি।
আবেদনের ক্যাটাগরি: আবেদনের ক্ষেত্রে আগামী ১২ জানুয়ারিতে শুধু সিজনাল কৃষিখাতের জন্য আবেদনপত্র, ৯ ফেব্রুয়ারি সিজনাল পর্যটন খাতে, ১৬ ফেব্রুয়ারি নন-সিজনাল এবং ১৮ ফেব্রুয়ারি নন-সিজনাল ডমেস্টিক খাতের জন্য আবেদনপত্র জমা দেয়া যাবে।
তবে প্রার্থীকে আবেদনপত্র জমাদানের আগে অবশ্যই তার কাগজপত্র ভালোভাবে যাচাই-বাছাই করে তবেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার পরামর্শ জানিয়েছেন অভিবাসন বিশেষজ্ঞরা।
ইতালির উপ-প্রধানমন্ত্রীর ব্যক্তিগত তথ্য ফাঁস করল হ্যাকাররা
প্রসঙ্গত, ইতালিতে কর্মী নিয়োগের বিশেষ এই প্রশিক্ষণ প্রকল্পের যাবতীয় খরচ সংশ্লিষ্ট নিয়োগদাতা প্রতিষ্ঠান বহন করবে। ফলে প্রশিক্ষণার্থীদের কোনো অর্থ খরচ করতে হবে না। এ বিষয়ে ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো জানিয়েছেন, কর্মী পাঠানোর ক্ষেত্রে কোনো মধ্যস্থতাকারী বা এজেন্সির কোনো সুযোগ নেই। কেউ যদি মধ্যস্থতার জন্য অর্থ লেনদেন করেন, তবে তাকে ভিসা দেয়া হবে না।







