রংপুর প্রতিনিধি: ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) যার উদ্দেশ্য হচ্ছে দেশে নিত্য প্রয়োজনীয় পণ্যের আপদকালীন মজুদ এবং প্রয়োজনীয় সময়ে ভোক্তা সাধারণের কাছে সাশ্রয়ী মূল্যে বা ভর্তুকি মূল্যে পণ্য সরবরাহের মাধ্যমে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা। দেশে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজারে উদ্ভূত পরিস্থিতিতে সরকার ২০২২ সালের মার্চ-এপ্রিল মাসে টিসিবির মাধ্যমে নিম্ম আয়ের ১ কোটি পরিবারকে “ফ্যামিলি কার্ড” প্রদানের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে পণ্য সরবরাহের সিদ্ধান্ত গ্রহণ করে। নিম্ন আয়ের ঘরে স্বস্তির নাম টিসিবি হলেও রংপুর জেলা ও মহানগরের বেশ কিছু স্থানে টিসিবির পণ্য এবং ফ্যামিলি কার্ড নিয়ে উঠেছে অনিয়মের অভিযোগ। বলা হচ্ছে, সচ্ছলদের হাতে চলে গেছে অনেক কার্ড। নকল কার্ড দিয়েও তুলে নেয়া হচ্ছে পণ্য। বির্তক যেনও পিছু ছাড়ছে না টিসিবির। পরিবার প্রতি ১টি ফ্যামিলি কার্ড প্রাপ্তির সুযোগ থাকলেও এক পরিবারে রয়েছে একের অধিক ফ্যামিলি কার্ড। অনেকে আবার টাকা দিয়েও পাননি টিসিবির কার্ড। একজনের কার্ড ব্যবহার করছেন আরেকজন। টিসিবি নিয়ে এরকম নানা অভিযোগ সাধারণ মানুষের। সচেতন নাগরিকরা বলছেন, জবাবদিহিতার অভাব, অব্যবস্থাপনা, সঠিক তথ্য প্রচারের ঘাটতির কারণেই সরকারের এই ইতিবাচক পদক্ষেপে দূর্নীতির প্রশ্ন উঠেছে। তদারকির অভাবে বঞ্চিত হচ্ছেন কেউ কেউ। সরকারের এই মহতী উদ্যোগের সুফল ছড়িয়ে দিতে আরও নজরদারির প্রয়োজন বলে মনে করছেন তারা। অভিযোগের সত্যতা নিশ্চিত করতে সরেজমিনে গিয়ে দেখা দেখা যায়, রংপুর সিটি কর্পোরেশনের ৩নং ওয়ার্ডের উত্তম ফকিরপাড়াতে টিসিবির ট্রাকের সামনে ভিড় জমিয়েছেন অনেকেই। কারো কারো হাতে ৫-৬ টি কার্ড। কয়েকজন এলাকাবাসীরা বলেন, কার্ড থাকা সত্ত্বেও আমরা মাল পাচ্ছি না। অন্য ওয়ার্ডের লোক এসেও ভিড়ের মাঝে ঢুকে তুলছেন টিসিবির মাল। কারো কারো কার্ডও ভূয়া। এ চিত্র রংপুর জেলার ৮টি উপজেলা ও সিটি কর্পোরেশনের ৩৩টি ওয়ার্ডেরই। বেশিরভাগ স্থানেই ঘটছে অনিয়মের ঘটনা। তথ্য বলছে, এসব এলাকায় প্রকৃত অনেক অসচ্ছল ব্যক্তি পাননি টিসিবির কার্ড। নানা অজুহাতে তালিকা থেকে বাদ দিয়েছেন অনেককেই। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বলেন, সুপারিশ জোগাড় করতে না পারা, রাজনৈতিক সম্পৃক্ততা না থাকা, ঘুষ না দেয়াসহ নানা কারণে কার্ড হয়নি তাদের। অথচ অনেক ধনী ব্যক্তিরাও ব্যবহার করছেন টিসিবির ফ্যামিলি কার্ড। এদিকে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর এক প্রতিবেদনের তথ্য বলছে, দেশে অনিয়ম- দূর্নীতির কারণে টিসিবির ফ্যামিলি কার্ড থেকে বাদ পড়েছে ৮০.৪ শতাংশ মানুষ। এছাড়াও ৭৬.১ শতাংশ অর্থনৈতিকভাবে সচ্ছল ব্যক্তি, ৬৫ শতাংশ স্থানীয় জনপ্রতিনিধি ও তাদের স্বজন, ৪৪.৫ শতাংশ স্থানীয় প্রভাবশালী ব্যক্তি, ৪৪.৫ শতাংশ রাজনৈতিক ব্যক্তি, ৭.১ শতাংশ সরকারি কর্মকর্তা- কর্মচারী ও তাদের পরিবারের সদস্য, ৫.২ শতাংশ পণ্য বিক্রয়কারী বা ডিলার অবৈধভাবে ভোগ করছে সরকারি এ সুবিধা। এছাড়াও উঠে এসেছে পরিমাণে কম দেয়ারও চিত্র। রংপুরের সাধারণ মানুষের মতে, কারা ভোগ করছে এ সুবিধা? সঠিকভাবে নজরদারি করলে বেড়িয়ে আসবে আসল তথ্য। নাম প্রকাশে অনিচ্ছুক রসিকের এক কাউন্সিলর বলেন, টিসিবির মাল কম আসলে আমরা কোথা থেকে দিবো? আমরা কি করবো? সমস্যা গোড়ায়। জেলা পর্যায়ে ফ্যামিলি কার্ড বিতরণ ও পণ্য বিক্রয় কার্যক্রম নিয়ন্ত্রণের দায়িত্ব জেলা প্রশাসনের। এসব বিষয়ে কথা হলে রংপুরের জেলা প্রশাসক আসিব আহসান বলেন, আমরা চেষ্টা করছি এ বিষয়ে শতভাগ সচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের। অনিয়ম ও দূর্নীতি প্রমানিত হলে কাউকেই ছাড় দেয়া হবে না
Views: 352
Related