ভারতের সুপ্রিম কোর্টের ৫০তম প্রধান বিচারপতি হিসেবে বুধবার (৯ নভেম্বর) শপথগ্রহণ করেছেন বিচারপতি ধনঞ্জয় ওয়াই চন্দ্রচূড় (ডি ওয়াই চন্দ্রচূড়)। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাকে শপথবাক্য পাঠ করান।
ধনঞ্জয় ওয়াই চন্দ্রচূড় বিদায়ী প্রধান বিচারপতি উদয় উমেশ ললিতের স্থলাভিষিক্ত হলেন।
২০২৪ সালের ১০ নভেম্বর পর্যন্ত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে থাকবেন চন্দ্রচূড়। গত ১১ অক্টোবর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে চন্দ্রচূড়ের নাম সুপারিশ করেন উদয় উমেশ ললিত।
জানা গেছে, চন্দ্রচূড় বিচারপতি হিসেবে ২০১৬ সালের মে মাসে যোগ দেন। তার আগে এলাহাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি ছিলেন তিনি। ২০০০ সাল থেকে ২০১৩ পর্যন্ত বম্বে হাইকোর্টের বিচারপতি ছিলেন তিনি । ১৯৯৮ সাল থেকে ২০০০ পর্যন্ত তিনি ছিলেন কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল।
ডি ওয়াই চন্দ্রচূড় দিল্লির সেন্ট স্টিফেন কলেজ থেকে স্নাতক শেষে করে হার্ভাড ল স্কুল থেকে আইনে স্নাতকোত্তর ও ডক্টরেট ডিগ্রি লাভ করেন।
বিচারপতি চন্দ্রচূড়ের কিছু গুরুত্বপূর্ণ রায়ের মধ্যে রয়েছে- ভারতের সংবিধান, তুলনামূলক সাংবিধানিক আইন, হিউম্যান রাইটস, জেন্ডার জাস্টিস, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন, ক্রিমিনাল আইন এবং কমার্শিয়াল আইন সংক্রান্ত মামলা।
চলতি বছরের আগস্ট মাসে ভারতের ৪৯তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি উদয় উমেশ ললিত।






