২০২৩ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি মূলপর্বে খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশের। বিশ্বকাপের আগে নিজেদের এখনো দুটি সিরিজ বাকি থাকতেই ভারতে অনুষ্ঠেয় এই টুর্নামেন্টে খেলার টিকিট পেয়ে গেল তামিম ইকবাল বাহিনী।
শুক্রবার রাতে পাল্লেকেলেতে আফগানিস্তানের কাছে শ্রীলঙ্কার হারে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের সরাসরি মূলপর্বে অংশগ্রহণ। তবে পয়েন্ট টেবিলে এগিয়ে থাকা বাংলাদেশ সরাসরি অংশগ্রহণ করতে যাচ্ছে, এটা অনেকটা নিশ্চিতই ছিল বলতে গেলে।
আইসিসি ওয়ানডে সুপার লিগের পয়েন্ট তালিকা
স্বাগতিক হিসেবে ভারত এমিনিতেই সরাসরি মূল পর্বে খেলবে। ভারত ও বাংলাদেশ ছাড়াও আরো চার দলের মূলপর্বে খেলা নিশ্চিত হয়ে গেছে। দলগুলো হচ্ছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও পাকিস্তান।
নিয়ম অনুযায়ী, ১৩ দলের চলমান আইসিসি ওয়ানডে সুপার লিগ থেকে স্বাগতিক ভারত ও অন্য শীর্ষ ৭ দল সরাসরি সুযোগ পাওয়ার কথা রয়েছে মূলপর্বে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে প্রতিটি দল খেলছে ৮টি তিন ম্যাচের সিরিজ।
এখন পর্যন্ত ছয় সিরিজের ১৮ ম্যাচ খেলে ১২টি জিতে মোট ১২০ পয়েন্ট বাংলাদেশের। ২০২৩ সালের মার্চে ইংল্যান্ড ও মে মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে সুপার লিগের বাকি দুই সিরিজ খেলবে তামিম ইকবালের দল।








