রংপুর বিভাগীয় প্রতিনিধি: অপ্রাপ্ত বয়সে বসতে হয় বিয়ের পিঁড়িতে। বই-খাতা রেখে স্বামীর সংসারে মনোনিবেশ। তবে মন পড়েছিল বিদ্যালয়ের আঙ্গিনায়। সহপাঠীদের পড়ালেখা আর সাফল্যে আবার বই-খাতা ছুঁতে মন চায়। অন্যদের মতো পরীক্ষা দিতেও ইচ্ছে জাগে। সংসার, জনসেবা আর পড়ালেখা এ তিনে সাফলতা পেতে নিরলস পরিশ্রম করতে থাকে আদুরী বেগম। প্রবাসে থাকা স্বামীর অনুপ্রেরণা তাকে অন্যরকম সাহসী করে তোলে। অবশেষে কঠোর অধ্যবসায় ও প্রবল ইচ্ছাশক্তি নিয়ে ৩২ বছর বয়সে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন আদুরী বেগম। বাল্যকালে বিয়ের পিঁড়িতে বসে বিলিয়ে দেওয়া অধরা স্বপ্নটাও এবার যেন পূর্ণতা পেল তার জীবনে। কৃতিত্বের সঙ্গে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে দুই কন্যা সন্তানের জননী আদুরী বেগম। পরীক্ষার খাতায় সফলতার এ অর্জনের আগে জনসেবায় মন কাড়ে অদম্য এ নারীর। তিনি রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ ইউনিয়নের সংরক্ষিত নারী ইউপি সদস্য। মালয়েশিয়া প্রবাসী স্বামী সৈয়দ আলীর অনুপ্রেরণায় আদুরী বেগম সমাজসেবার পাশাপাশি সংসার সামলে এবার এসএসসি পরীক্ষায় সাফল্য অর্জন করেন। আদুরী বেগম বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে কাউনিয়ার ধর্ম্মেশ্বর মহেশা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশগ্রহণ করে। প্রকাশিত ফলাফলে তিনি জিপিএ-৪.৫৭ অর্জন করেন। এমন সাফল্যে খুশি আদুরী ও তার পরিবারের সদস্যগণ। আদুরী বেগমের বাড়ী হারাগাছ ইউনিয়নের সোনাতন গ্রামে। তিনি ইউপি সদস্য হিসেবে ভোটারদের কাছে বেশ জনপ্রিয়। সব সময় সাধারণ মানুষের পাশে থেকে তাদের খোঁজখবর রাখায় আদুরী বেগম সবার কাছে জনপ্রিয়তা অর্জন করেন। তার এসএসসি পাসের খবরে উচ্ছ্বসিত
গ্রামের সাধারণ মানুষও। আদুরী বেগম বলেন, ছোটবেলা থেকে লেখাপড়া করার প্রবল ইচ্ছে ছিল তার। অভাবের সংসারে হিমশিম খেতে খেতে কুল হারানো মা-বাবা বাধ্য হয় তাকে অপ্রাপ্ত বয়সে বিয়ে দেন। ফলে পড়াশোনা বন্ধ হয়ে যায়। আর্থিক সচ্ছলতা ফিরিয়ে আনার জন্য স্বামী বিদেশে পাড়ি জমান। পরে স্বামীর ইচ্ছায় জনসেবার বাসনা নিয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত নারী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হন। তবে এসএসসি পরীক্ষা দেওয়ার আক্ষেপ তার থেকে যায়। তিনি বলেন, সমাজে শিক্ষিত মানুষের সঙ্গে চলাফেরা, সহপাঠীদের অনেকের সাফল্য দেখে আমারও ইচ্ছে হয় পড়ালেখা করার। করোনাকালীন ভীতি দূর করে জনসেবার পাশাপাশি পড়ালেখায় মনোনিবেশ করি। মাঝে মধ্যে ছোটদের সঙ্গে ক্লাসও করেছি। সব কিছুতে আমার স্বামী অনুপ্রেরণা জুগিয়েছে। অবশেষে ২০২২ সালের এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে আল্লাহর রহমতে পাস করেছি। উচ্চশিক্ষা অর্জনের স্বপ্নটাও পূর্ণ করার ইচ্ছা রয়েছে।
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...







