ল্পী সমিতির নেতৃত্ব নিয়ে বিতর্ক শেষ না হতেই হিন্দি সিনেমা আমদানির পক্ষে কথা বলে আলোচনা-সমালোচনার শিকার জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী নিপুণ আক্তার। তবে এ সবের মাঝেও নিজের কাজ চালিয়ে যাচ্ছেন তিনি।
সেই ধারাবাহিকতায় চলচ্চিত্রে যেমন ব্যস্ত তিনি, একইভাবে চলচ্চিত্রশিল্পীদের স্বার্থরক্ষার সংগঠন শিল্পী সমিতির নেতৃত্বেও সক্রিয়। ব্যবসায়ী হিসেবেও সফল। সমানতালে সামলান সংসারও। এসবের বাইরে সোশ্যাল মিডিয়ায়ও বেশ সক্রিয় তিনি। ফ্যান-ফলোয়ারদের সঙ্গে নিয়মিত রাখেন যোগাযোগ। বহুমুখী প্রতিভার এই অভিনেত্রী এবার নতুন দায়িত্ব নিয়েছেন। তিনি কানাডা-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিবিসিসিআই) সঙ্গে যুক্ত হচ্ছেন শুভেচ্ছাদূত হিসেবে। কানাডা ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য বিনিময়ের মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ক উত্তরোত্তর উন্নয়নের লক্ষ্যে গত ৭ ফেব্রুয়ারি হোটেল শেরাটনে অনুষ্ঠিত হয় সিবিসিসিআই আয়োজিত ‘কানাডা-বাংলাদেশ ট্রেড এক্সপো ২০২৩’-র উদ্বোধনী অনুষ্ঠান। চলতি বছরের ৬-৮ অক্টোবর কানাডার টরন্টোয় হতে যাচ্ছে এ বাণিজ্য উৎসব। সেই উৎসবের শুভেচ্ছাদূত হিসেবে কাজ করবেন নিপুণ।
এ প্রসঙ্গে নিপুণ বলেন, ‘এটা আমার জন্য একটি বিশেষ সম্মান ও দায়িত্ব। আমি চেষ্টা করব আন্তরিকতা নিয়ে কানাডা-বাংলাদেশ ট্রেড এক্সপো ২০২৩-এর শুভেচ্ছাদূত হিসেবে নিজের দায়িত্ব পালন করতে।’
এদিকে নিপুণ সম্প্রতি বেশ কিছু নতুন কাজের সঙ্গে যুক্ত হয়েছেন। তার অন্যতম ‘ভাষার জন্য মমতাজ’ নামের সিনেমা। ভাষা আন্দোলনের নির্যাতিত, ত্যাগী ও নিগৃহীত নারী ভাষাসৈনিকের নাম মমতাজ বেগম। বাংলাকে রাষ্ট্রভাষা করার সংগ্রামে তিনি তিলে তিলে নিজেকে উৎসর্গ করেছেন। ভাষা আন্দোলনে অংশগ্রহণের কারণে স্বামী-সংসার হারিয়েছেন, চাকরি হারিয়েছেন, গ্রেফতার হয়েছেন, নানান রকম কুৎসা ও গঞ্জনা সহ্য করেছেন। নিজের জীবন, সংসার বিপন্ন করেছেন কিন্তু ভাষা আন্দোলনের প্রশ্নে কখনও আপস করেননি। ভাষা আন্দোলনের আত্মত্যাগী এই নারীকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে ‘ভাষার জন্য মমতাজ’। এতে মমতাজের ভূমিকায় অভিনয় করবেন নিপুণ আক্তার।
চলচ্চিত্রটি পরিচালনা করবেন সারোয়ার তামিজউদ্দিন। নিপুণ বলেন, এ চলচ্চিত্রে ভাষা আন্দোলনের নেত্রী মমতাজ বেগমের ভূমিকায় দেখা যাবে আমাকে। এখানে মমতাজ বেগমের স্বামী ফরিদপুরের মান্নাফের ভূমিকায় আছেন গাজী আব্দুন নূর। আশা করি খুব ভালো একটি চলচ্চিত্র উপহার দিতে পারব আমরা। সরকারি অনুদানে নির্মিতব্য এ চলচ্চিত্রে আরও অভিনয় করবেন কাজী হায়াৎ, মুনমুন আহমেদ, সুব্রত, কাওছার চৌধুরী প্রমুখ।








