তেল পাম্পে তেল কম দেওয়ার অভিযোগ প্রায়ই পাওয়া যায়। তাই বলে ১০ লিটার তেল কিনলে সেখান থেকে গায়েব হয়ে যাবে পুরো এক লিটার, কিংবা তারও বেশি! এটাকে তেল চুরি নয় পুকুর চুরি বলা যেতেই পারে।
ঘটনাটি রাজধানীর মতিঝিলের করিম অ্যান্ড সন্স পাম্পের। বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ধরা খেয়েছে প্রতিষ্ঠানটি। তারা দশ লিটার ডিসপেন্সিং ইউনিটে তেল কম দিতো ৯৫০ মিলিলিটার থেকে ১৩০০ মিলিলিটার পর্যন্ত।
সোমবার ঐ পাম্পে অভিযান চালানো হয়। মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এসব তথ্য।
অভিযানে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুসারে ডিজেল ডিসপেন্সিং ইউনিটে পরিমাপে প্রতি ১০ লিটারে যথাক্রমে ১.৩০ ও ৯৫০ মিলিলিটার কম প্রদান করায় ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পরবর্তী সময়ে করিম অ্যান্ড সন্স-এর ডিসপেন্সিং ইউনিট সিলগালা করা হয়।
মোবাইল কোর্ট বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিব সরকারের নেতৃত্বে পরিচালিত হয়।








