প্রথমবারের মত কোনো ওয়েব সিরিজে কাজ করেছেন এই সময়ের জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। সত্য ঘটনা অবলম্বনে নির্মাণ করা হয়েছে সিরিজ ‘মারকিউলিস’। আবু শাহেদ ইমনের পরিচালনায় এই ওয়েব সিরিজটি খুব শিগগিরই চরকিতে মুক্তি পাবে।

প্রথম ওয়েব সিরিজে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে সাবিলা নুর বলেন, ‘এই সিরিজে আমার চরিত্রের নাম জয়িতা। একটি মেয়ের জার্নির মাধ্যমে কিছু গল্প রিভিল হয়। একজন মেয়ে নতুন একটা ঘটনা নিয়ে কীভাবে তার জীবনকে কন্ট্রোল করবে সেটি এই সিরিজের মূল আলাপ। আসলে আমরা যখন টিভি সিরিজে কাজ করি তখন এত বড় টিমের সঙ্গে কাজ করার সুযোগ হয় না।

এই কাজের অভিজ্ঞতা আমার সঙ্গে সারাজীবন থাকবে। এই সিরিজের সহশিল্পীদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা দারুণ। শাহেদ ভাই অসাধারণ একজন পরিচালক। উনার কাজের প্রসস খুবই দারুণ ও ইউনিক।

এছাড়া মেকআপ, কস্টিউমসসহ সব কিছু দারুণ ছিল।’ সাবিলা নূর ছাড়াও এই সিরিজে আরো আছেন, জাকিয়া বারী মম, ফজলুর রহমান বাবু, রওনক হাসান, গিয়াস উদ্দিন সেলিম, ইরেশ যাকের, রাশেদ মামুন অপু, শরীফ সিরাজ, সাবেরী আলম, আইশা খান, নাজিবা বাশার, পৌষালী অথৈ, মিলি বাশার, নাফিস আহমেদ, আফিয়া তাবাসসুম বর্ণ, মাজনুন মিজান, অশোক বেপারীসহ আরও অনেকেই। দর্শক এর আগে চরকিতে গিয়াস উদ্দিন সেলিমকে পরিচালক হিসেবে পেয়েছে। এবার তিনি অভিনেতা হয়ে আসছেন।

চরকিতে প্রথম কাজ করা প্রসঙ্গে মম বলেন, ‘মারকিউলিস’ একটা সিস্টেমের কথা বলে। একটা রাষ্ট্রযন্ত্রের কথা বলে। সিরিজের সব চরিত্রগুলোর নানা ডাইমেনশন আছে। আমার চরিত্র খুবই ইন্টারেস্টিং ছিল। কাজটাও বেশ ডিফরেন্ট হয়েছে।








