সাংবাদিক পেটানোর দায়ে যুবদলের তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে। আজ শনিবার যুবদলের দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলাল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনবিরোধী কার্যকলাপের সঙ্গে জড়িত থাকা ও বিশৃঙ্খলা সৃষ্টির কারণে যুবদলের পল্লবী থানার ৬নং ওয়ার্ড শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন, রূপনগর থানা শাখার যুগ্ম সম্পাদক মো. আসিফ এবং পল্লবী থানা যুবদলের সাবেক সহসভাপতি জুয়েল খানকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
এ ছাড়া বিশৃঙ্খলা সৃষ্টির ইন্ধন দেওয়ার সন্দেহে পল্লবী থানা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাসুদ, পল্লবী থানা যুবদলের সাবেক সভাপতি রজিব হোসেন পিন্টু, পল্লবী থানা যুবদল নেতা মো. পিয়াস ও মো. মনিরকে কেন সাংগঠনিক শাস্তির আওতায় আনা হবে না—তা জানতে কারণ দর্শানোর জন্য নোটিশ দেওয়া হয়েছে।
একইসঙ্গে এ ঘটনার প্রকৃত কারণ উদঘাটন ও পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে আগামী সাত দিনের মধ্যে প্রতিবেদন দিতে যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টনকে নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গতকাল শুক্রবার রাজধানীর পল্লবী ও রূপনগর থানা বিএনপির ইফতার মাহফিলে কয়েকজন সাংবাদিককে মারধর করেন যুবদলের বেশ কয়েকজন নেতাকর্মী। যেখানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমানসহ দলের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।







