আব্দুল কাদের, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীর উপর দিয়ে প্রবাহিত ছোট যমুনা নদী। এ নদীর বালু মহাল সায়রাত মহাল ভূক্ত সম্পত্তির তালিকা থেকে বাদ পড়ায় আগামী সনে বালু মহাল লিজ দেওয়া হচ্ছে না বলে ইউএনও অফিস সুত্রে জানা গেছে। সায়রাত মহাল শব্দের অর্থ বিবিধ করভূক্ত সম্পত্তি। অর্থাৎ সরকারের যে সমস্ত ভূ-সম্পত্তি হইতে ভূমি কর ব্যতীত অন্যান্য বিবিধ কর আদায় করা হয়। সেই সম্পত্তিকে সায়রাত মহাল বলা হয়। এর মধ্যে বালু মহাল একটি। আর মাত্র কয়েক দিন পর পহেলা বৈশাখ। শুরু হচ্ছে নতুন বছর বাংলা ১৪৩০ সাল। পবিত্র মাহে রমজান সত্ত্বে ও নানা বর্ণে আয়োজনে পালিত হতে যাচ্ছে দিনটি। নতুন বছরে নতুন দিন পহেলা বৈশাখই যেন ছোট যমুনা নদীর দুপারের অসহায় মানুষের আহাজারী কান্নার শেষ দিন। খোজ নিয়ে জানা যায়, বিশ^ কবি রবী ঠাকুরের কবিতার মত ছোট যমুনার কোথাও চিক চিক বালু দেখা যায় না। দীর্ঘ দিন আগে এ নদীর বালু ফুড়িয়ে গেছে। এ নদীতে আর বালু আসে না। নদীর বুক থেকে শুরু করে দুপাশে শুধু ফসলি জমি। নদী পারের নিপিরীত মানুষেরা জানায় প্রতি বছর বালু মহাল ইজারাদার পরিবর্তন হয়। কেউ নীতিমালা মেনে মাটি বালু কাটে না। সবাই যেন শুধু ফসলি জমি কাটে। নদীর ভাঙ্গনে শত বছর পুর্বে নদীর গতিপথ চলে যায় মালিকানা জমিতে। নদীর মুল জায়গা ভিটা জমিতে পরিনত। নদী মালকানা জমির উপর যাওয়ায় সে সকল জমির মালিকরা নদীর জায়গা জমি ভাগাভাগি করে নিয়ে চাষাবাদ করে সংসার চালায়। নদীর খাস জায়গা জমি লিজ নিয়ে আবার কেউ চিরস্থায়ী বন্দবস্ত নিয়ে চাষাবাদ করে। কটকবাড়ী গ্রামের সাবেক মেম্বার শৈলেন চন্দ্র মন্ডল জানায় তাদের পৈত্রিক সম্পত্তির সাথে তাজপুর মৌজায় নদীর কিছু খাস জমি মিছে আছে। তারা জানেনা এখানে খাস জমি আছে। সেই জমিতে বাগান গড়ে তুলেছে। বাংলা ১৪২৭ ও ১৪২৮ সনে বালু মহাল ইজারাদার ২০ হাজার ৩০ হাজার ৪০ হাজার টাকা মুল্যের ছোট বড় শতাধীক গাছ ও বাগানের মাটি কেটে নিয়ে গেছে। আমরা অভিযোগ দিয়ে বাঁধা দিয়ে আটকাতে পারিনি। দোনইল গ্রামের লোকজন জানায় কাস্টডোব খাগড়া মৌজায় প্রায় ২০ বিঘা জমির গাছপালাসহ আলু, পটল এবং পাকা গমক্ষেতসহ ফসলি জমির মাটি কেটে নিয়ে গেছে। বর্তমান ইউএনও আলপনা ইয়াসমিন বিষয়টি পর্যবেক্ষণ ও ক্ষতির দিক বিবেচনা করে ১৪২৯ বাংলা সনে তাজপুর, খাগড়া ও ডাঙ্গিসারা মৌজা বালু পয়েন্ট থেকে বাতিল করেন। গ্রামবাসী আরো জানায় চলতি সনে কাস্টডোব তেজাপাড়া ও এনায়েতপুর মৌজায় নদীর পারসহ ৩ ফসলি জমি কাটতে বাঁধা দিলে ইজারাদার মিথ্যা মামলা দিয়ে গ্রামবাসীকে হয়রানী করেছে। দু-একজন জেল ও খেটেছেন। আগামী সনে নদীর বালু মহাল লিজ হচ্ছে না খবর পেয়ে আনন্দিত নদী পারের মানুষ। এ বিষয়ে বদলগাছী কারিগরি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) গোলাম কিবরিয়া বলেন নদীকে বাঁচিয়ে রাখতে যেমন পানি দরকার। তেমনি তার শরীরের গঠন ও ভারসাম্য ঠিক রাখতে বালু দরকার। পানি ও বালু সব কেড়ে নিলে সে নদী টেকে না। যেহেতু নদীতে বালু নেই। ইউএনও আলপনা ইয়াসমিন ও ডিসি মহোদয় ছোট যমুনা নদীর লিজ বন্ধ করেছেন। তাদের এই সিদ্ধান্তে নদীর দুপারের মানুষ উপকৃত হবেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আলপনা ইয়াসমিন বলেন বালু মহাল নিয়ে গ্রামবাসী, কিছু পরিবেশবাদী, সংবাদ মাধ্যমের অভিযোগের ভিত্তিতে সরজমিনে তদন্ত পূর্বক দেখা যায় নদীতে তেমন বালুর উপস্থিতি নেই। ইজারাদাররা মাটি কেটে ফসলি জমির ক্ষতি করছে। ইজারাযোগ্য পর্যাপ্ত বালু না থাকায় ইজারা বন্ধে প্রস্তাব করা হয়। পহেলা বৈশাখ থেকে নদীতে আর কেউ মাটি বালু কাটতে পারবে না।







