বঙ্গবাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৩ হাজার ৮৪৫টি দোকান পুড়ে মোট ৩০৩ কোটি টাকার ক্ষতির হিসাব দিয়েছে একটি তদন্ত কমিটি।
মঙ্গলবার (১১ এপ্রিল) ওই ঘটনায় গঠিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের তদন্ত কমিটির দেওয়া তদন্ত প্রতিবেদনে এ হিসাব দেওয়া হয়।
এই অগ্নিকাণ্ডের পেছনে নাশকতার কোনো ইঙ্গিত তদন্ত কমিটি পায়নি। সিগারেট কিংবা মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত বলে কমিটির ধারণা।
ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের জানান, মঙ্গলবার বিকালে কমিটির সভাপতি ও নগর সংস্থার অঞ্চল-১ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মেরীনা নাজনীন প্রতিবেদনটি মেয়র শেখ ফজলে নূর তাপসের কাছে দাখিল করেছেন।
এ সময় অন্যদের মধ্যে করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, কমিটির সদস্যদের মধ্যে প্রধান রাজস্ব কর্মকর্তা আরিফুল হক, প্রধান সমাজকল্যাণ ও বস্তি উন্নয়ন কর্মকর্তা আকন্দ মোহাম্মদ ফয়সাল উদ্দীন, রমনা রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ মামুনুল হক এবং সংরক্ষিত আসন-৫ এর কাউন্সিলর রোকসানা ইসলাম চামেলী উপস্থিত ছিলেন।
মঙ্গলবার ভোরে দেশের অন্যতম বড় কাপড়ের মার্কেট বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। তাতে ডিএসসিসির মালিকানাধীন বঙ্গবাজার কমপ্লেক্সের চারটি ইউনিট- বঙ্গবাজার ইউনিট, গুলিস্তান ইউনিট, মহানগর ইউনিট ও আদর্শ ইউনিট ভস্মীভূত হয়ে যায়।
বঙ্গবাজারের উত্তর পশ্চিম কোণে সাততলা এনেক্সকো টাওয়ার, তার পূর্ব পাশে মহানগর শপিং কমপ্লেক্স মার্কেটও পোড়ে আগুনে। ক্ষতিগ্রস্ত হয় বঙ্গবাজারের পশ্চিম পাশের সড়কের অপর প্রান্তের বঙ্গ ইসলামিয়া মার্কেট ও বঙ্গ হোমিও কমপ্লেক্স।
সব মিলিয়ে ৩ হাজার ৮৪৫টি দোকান আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ডিএসসিসির তদন্ত কমিটি জানিয়েছে।







