ঢাকা, ২৬ মার্চ, ২০২৩: বাঙালির প্রাণের উত্সব পহেলা বৈশাখ। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সার্বজনীননভাবে
বাংলা নববর্ষ পালন করে বাংলা ভাষাভাষীরা। অতীতের ভুলত্রুটি ও ব্যর্থতার গ্লানি ভুলে নতুন করে সুখ-শান্তি
ও সমৃদ্ধি কামনায় সারা দেশজুড়ে উদযাপিত হচ্ছে নববর্ষ। আনন্দ, উল্লাস ও উদ্দীপনার মধ্য দিয়ে নর্থ সাউথ
ইউনিভার্সিটি উদযাপন করল বাংলা নববর্ষ ১৪৩০।
নতুন বছরকে বরণ করে নিতে অপরূপ সাজে সেজেছে ক্যাম্পাস। সকালে মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয়
বর্ষবরণ। এরপর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। জাতীয় সংগীত, নাচ, গান ও বাউল সংগীতসহ ছিল ভিন্নধর্মী সব
আয়োজন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আতিকুল
ইসলাম। অধ্যাপক আতিকুল ইসলাম বাংলা নববর্ষ উদযাপন এবং বাঙালি সংস্কৃতি সংরক্ষণের ওপর গুরুত্বারোপ
করেন। তিনি সকলকে সংস্কৃতির প্রকৃত মর্মকে আলিঙ্গন করতে এবং এর মূল্যবোধ ও ঐতিহ্যকে সমুন্নত
রাখতে উত্সাহিত করেন।
এনএসইউ'র উপ-উপাচার্য এম.ইসমাইল হোসেন, বিভিন্ন স্কুলের ডিন, পরিচালক, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান,
ঊর্ধ্বতন কর্মকর্তা, অনুষদ ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।








