রংপুর বিভাগীয় প্রতিনিধি: রংপুরে অভিযোগ তদন্ত করতে গিয়ে গ্রামবাসীর হামলায় চার পুলিশ সদস্য আহত হয়েছে। তাদের মধ্যে রেজায়ে রাব্বি নামে এক উপ পরিদর্শকের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গত ২জুন শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গঙ্গাচড়া উপজেলার বড়বিল ইউনিয়নের দক্ষিণ পানাপুকুর চৌধুরীহাট দোলাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এক নারীসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন জাকির হোসেন (৩৭), ময়না বেগম (৪০) ও মিরকুলাল (৪৫)। প্রত্যক্ষদর্শীরা বলেন, রংপুর নগরীর সিও বাজার এলাকার মাহবুবুর রহমান গঙ্গাচড়া উপজেলার বড়বিল ইউনিয়নের দক্ষিণ পানাপুকুর চৌধুরীহাট দোলাপাড়া এলাকার আশরাফুল ইসলামের (৪০) কাছ থেকে ৭৫ শতক জমি বায়নাপত্র করেন। তাতে উল্লেখ রয়েছে, ছয় মাসের মধ্যে জমির সম্পূর্ণ টাকা বুঝিয়ে দিয়ে জমির মালিকের কাছ থেকে দলিল করে নেবেন। কিন্তু ছয় মাস পেরিয়ে গেলেও টাকা বুঝিয়ে দিয়ে জমি দলিল করে নিতে ব্যর্থ হন তিনি। ফলে জমির মালিক আশরাফুল ইসলাম শুক্রবার তার জমিতে গাছ লাগাতে গেলে মাহবুবুর থানায় অভিযোগ করেন। অভিযোগ পেয়ে ৫ পুলিশ সদস্য অভিযোগের তদন্ত করতে ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় আশরাফুল ইসলামকে পুলিশ গাড়িতে তুলে নিয়ে আসতে চাইলে গ্রামের লোকজন বাধা দেন এবং পুলিশের কাছে থাকা অস্ত্র কেড়ে নিয়ে তাদের উপর হামলা চালান। এতে চার পুলিশ সদস্য আহত হন। সংবাদ পেয়ে গঙ্গাচড়া মডেল থানা পুলিশ তাদের উদ্ধার করতে গেলে এক পর্যায়ে স্থানীয় লোকজনের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। পরে ঘটনাস্থলে উপস্থিত হন রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) হোসাইন মুহাম্মদ রায়হান। এ সময় এক নারীসহ ৩ জনকে আটক করে পুলিশ। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার প্রীতি সাহা বলেন, আহত উপ পরিদর্শকের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। গুরুতর আহত হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিন পুলিশ সদস্যকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) হোসাইন মুহাম্মদ রায়হান বলেন, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ৩ জনকে আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের তদন্ত সাপেক্ষে আইনের আওতায় আনা হবে।








