রাজশাহী: আবারও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন। বেসরকারি ফলাফলে নৌকা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ১,৫৯,৭৯৭ ভোট।
এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. মুরশিদ আলম হাত পাখা প্রতীক নিয়ে পেয়েছেন ১৩,৩৯৩ ভোট। যদিও বরিশালে হাতপাখা প্রার্থীর ওপর হামলার অভিযোগ এনে রাজশাহী এবং সিলেটে ভোট বর্জন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ।জাতীয় পার্টির মো. সাইফুল ইসলাম স্বপন লাঙল প্রতীক নিয়ে পেয়েছেন ৯,৪৫৭ ভোট।
এর আগে বুধবার (২১ জুন) সকাল ৮টায় শুরু হয়ে একটানা বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এই সিটিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট গ্রহণ হয়। প্রতিটি কেন্দ্রে ছিলো সিসি ক্যামেরা।
রাজশাহী সিটিতে ১৫৫টি ভোটকেন্দ্র। ভোটকক্ষ ছিল ১ হাজার ১৫৩টি।
সিটির ৩ লাখ ৫১ হাজার ৯৮২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ১ লাখ ৭১ হাজার ১৬৭ জন পুরুষ, ১ লাখ ৮০ হাজার ৮০৯ জন মহিলা এবং ৬ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন।
রাজশাহী সিটিতে মেয়রপ্রার্থী ৪ জন, ৩০টি সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ১১১ জন এবং ১০টি সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে ৪৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত রাজশাহীর মেয়র ছিলেন লিটন এবং ২০১৮ সালে পুনরায় নির্বাচিত হন।








