ম্যাচটিকে ‘ফাইনাল অব দ্য ইয়ার’ বলেছিলেন জামাল ভূঁইয়া। সেই ফাইনাল জিতেই ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। বসুন্ধরা কিংস অ্যারেনায় মালদ্বীপের বিপক্ষে জয় ২-১ গোলের।
ম্যাচের ৫৯ মিনিটে সোহেল রানা লাল কার্ড দেখলে দশজনের দলে পরিণত হয় বাংলাদেশ। তবে অনেকটা সময় একজন কম নিয়ে খেলেও মালদ্বীপের বিপক্ষে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে স্বাগতিকরা।
এই জয়ে বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয়পর্বে নাম লিখিয়েছে জামাল ভূঁইয়ার দল। দ্বিতীয় পর্বে বাংলাদেশ খেলবে ‘আই’ গ্রুপে অস্ট্রেলিয়া, ফিলিস্তিন ও লেবাননের বিপক্ষে।
প্রথমার্ধে এগিয়ে গিয়েও লিড ধরে রাখতে পারেনি বাংলাদেশ। মালদ্বীপের বিপক্ষে ১-১ সমতায় বিরতিতে যায়। তবে দ্বিতীয়ার্ধের শুরুতে ফের এগিয়ে যায় স্বাগতিকরা। ২-১ গোলে লিড নেয় জামাল ভূঁইয়ার দল।
তারপরও শঙ্কা জেগেছিল ম্যাচের ৫৯ মিনিটে দশজনের দলে পরিণত হওয়ায়। শেষ পর্যন্ত একজন কম নিয়ে খেলেও জয় তুলে নেয় বাংলাদেশ। ম্যাচের শেষদিকে ইনজুরি টাইমের চতুর্থ মিনিটে লালকার্ড দেখেন মালদ্বীপের আহনাফ রশিদ।
রাজধানীর বসুন্ধরা কিংস অ্যারেনায় বিশ্বকাপ বাছাইয়ের প্রথম পর্বের বাঁচা-মরার ম্যাচে বাংলাদেশ সুবিধা আদায় করেছিল ১১ মিনিটে এগিয়ে গিয়ে। বাঁ দিক থেকে ফয়সাল আহমেদ ফাহিম ক্রস নিলে চলন্ত বলে ডান পায়ের প্লেসিংয়ে মালদ্বীপের জাল কাঁপিয়ে দেন রাকিব।
২৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সহজ সুযোগ হাতছাড়া করে বাংলাদেশ। লিড এনে দেওয়া রাকিব গোলরক্ষককে একা পেয়েছিলেন। তবে তিনি সে সুযোগ কাজে লাগাতে পারেননি। মালদ্বীপের গোলরক্ষক হুসাইন শারিফী ডান পায়ে কোনোমতে দলকে বিপদমুক্ত করেন।
ব্যবধান বাড়ানোর সুযোগ বাংলাদেশ কাজে লাগাতে না পারলেও মালদ্বীপ ঠিকই ৩৬ মিনিটে ম্যাচে ফিরে আসে। হামাজ মোহাম্মদের কর্নার থেকে আইসাম ইব্রাহিম হেডে গোল করেন।
দ্বিতীয়ার্ধের খেলা শুরুর দ্বিতীয় মিনিটে আবার এগিয়ে যায় বাংলাদেশ। এবার গোলদাতা ফয়সাল আহমেদ ফাহিম। বাম দিক থেকে সাদ উদ্দিনের ক্রস পান্স করেছিলেন মালদ্বীপের গোলরক্ষক। বল জুনিয়র সোহেল রানার পা হয়ে চায় কাছে দাঁড়ানো ফাহিমের কাছে। ফাহিম সুযোগ নষ্ট করেননি। সহজেই গোল করে লিড এনে দেন দলকে।
৪৬ মিনিটে ২-১ গোলে এগিয়ে যাওয়ার পর ৫৯ মিনিটে সোহেল রানা লাল কার্ড দেখলে বেশ বিপদেই পড়ে দিয়েছিল বাংলাদেশ। তবে সব শঙ্কা কাটিয়ে জয় নিয়েই মাঠ ছেড়েছে ঘরের ছেলেরা।







