বিনোদন ডেস্ক : সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে স্বাস্থ্যবিধি মেনে অভিনয় শিল্পী সংঘের নির্বাচন শেষ হয়েছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণের কথা থাকলেও ভোটের সময় বাড়িয়ে সাড়ে ৭টা পর্যন্ত করা হয়।
দুই ঘণ্টা বিরতি দিয়ে রাত ৯টা দিকে শুরু হয় ভোট গণনা। রাত সোয়া ১০টায় ফলাফল ঘোষণা করেন অভিনয় শিল্পী সংঘের নির্বাচন কমিশনার অভিনেতা খায়রুল আলম সবুজ।তিনি বলেন, মোট ৭৫২ জন ভোটারের মধ্যে ৬৪২জন ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ৫৮টি ভোট বাতিল হয়েছে। নির্বাচনের পরিবেশ আনন্দদায়ক ছিল। কেউ নিয়ম ভাঙার চেষ্টা করেনি বলেও জানান নির্বাচন কমিশনার।
অভিনয় শিল্পী সংঘের নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন আহসান হাবীব নাসিম, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রওনক হাসান।
এর আগে শিল্পকলা একাডেমিতে শুক্রবার সকাল ৯টা থেকে স্বাস্থ্যবিধি মেনে ভোটগ্রহণ শুরু হয়। এবারের নির্বাচনে ভোটার ছিলেন ৭৪৮ জন। ২১টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেন ৪৮ জন।
সভাপতি পদে গেল দুই মেয়াদের সাধারণ সম্পাদক আহসান হাবীব নাসিম পেয়েছেন ৪৯৬ ভোট। প্রতিদ্বন্দ্বী ছিলেন ড. শাহাদাৎ হোসেন (নিপু)। সাধারণ সম্পাদক রওনক হাসান পেয়েছেন ৪২১ ভোট।
নির্বাচিত অন্যরা হলেন-
সহ-সভাপতি আনিসুর রহমান মিলন, ইকবাল বাবু ও সেলিম মাহবুব। যুগ্ম সাধারণ সম্পাদক নাজনীন হাসান চুমকী ও জামিল হোসেন। সাংগঠনিক সম্পাদক সাজু খাদেম।
অর্থ সম্পাদক মুহাম্মদ নূর এ আলম (নয়ন), দপ্তর সম্পাদক শেখ মেরাজুল ইসলাম, অনুষ্ঠান সম্পাদক রাশেদ মামুন অপু, আইন ও কল্যাণ সম্পাদক ঊর্মিলা শ্রাবন্তী কর।
প্রচার ও প্রকাশনা প্রাণ রায়, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সুজাত শিমুল এবং কার্যনির্বাহী সদস্য ৭টি পদের জয়ী হয়েছেন আইনুন নাহার পুতুল, তানভীর মাসুদ, মাজনুন মিজান, আশরাফুল আশীষ, সূচনা সিকদার, শামস সুমন ও হিমেল হাফিজ।








