দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে ৪৮ জন মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করলো আওয়ামী লীগ। বুধবার বিকেলে গণভবনে প্রার্থীদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এ আগে, দুপুর ১২ টায় প্রার্থী চুড়ান্ত করতে বৈঠকে বসে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড। ৪৮টি আসনের বিপরীতে আবেদন জমা পড়ে ১,৫৫৩ জনের। তাদের মধ্য থেকে ৪৮ জনকে চুড়ান্ত করা হয়। পরে বিকেলে গণভবনে চুড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করেন ওবায়দুল কাদের।
এদের মধ্যে ত্যাগি নেত্রীদের যেমন মনোনয়ন দেয়া হয়েছে, তেমনি এর আগেরবারের সংসদেও ছিলেন এমন কয়েকজনকেও মনোনয়ন দেয়া হয়েছে। জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন ৫০টি। একেকটি রাজনৈতিক দল ছয়টি আসনের বিপরীতে একটি করে সংরক্ষিত নারী আসন পান। এ হিসেবে নিজেদের এবং স্বতন্ত্রদের সমর্থন পাওয়ায় আওয়ামী লীগ পাবে মোট ৪৮ আসন।
আওয়ামী লীগের মনোনীত প্রার্থীরা হলেন– টাঙ্গাইল থেকে অপরাজিতা হক, তারানা হালিম, বেগম শামসুর নাহার, ঢাকা থেকে সানজিদা খানম, শবনম জাহান, পারুল আক্তার, নাহিদ ও শেখ আনারকলি পুতুল, বরিশাল থেকে শাম্মী আহমেদ ও ফজিলাতুন্নেছা, জয়পুরহাট থেকে ডা. রোকেয়া সুলতানা ও মলি, চাঁপাই থেকে জেবিন মাহমুদ, ঠাকুরগাঁও থেকে দৌপদী বেবি আগরওয়াল, নাটোর থেকে কোহেলি কুদ্দুস, পঞ্চগড় থেকে রেজিয়া ইসলাম, নীলফামারী থেকে আশিকা সুলতানা, নেত্রকোনা থেকে নাদিয়া বিনতে আমিন, নোয়াখালী থেকে কানন আরা বেগম ও ফারিয়া খানম, লক্ষীপুর থেকে ফরিদুজ্জামান লাইলী ও অনিমা, গাজীপুর থেকে মেহের আফরোজ চুমকি, বাগেরহাট থেকে ফরিদা আক্তার, খুলনা থেকে মুন্নুজান সুফিয়ান, রুনু রেজা ও খালেদা রথী, চট্টগ্রাম থেকে দিলারা ইউসুফ, ওয়াশিকা সিদ্দিক আয়েশা ও শামীমা হারুন, ভোলা থেকে বিউটি, বরগুনা থেকে ফারজানা সুমি, পটুয়াখালী থেকে নাজনীন নাহার, ঝালকাঠি থেকে ফরিদা আক্তার বানু, নরসিংদী থেকে ফরিদা ইয়াসমীন ও মাসুদা সিদ্দীকি, কুমিল্লা থেকে অ্যারেমা দত্ত, খাগড়াছড়ি থেকে ডরোথী, ময়মনসিংহ থেকে উম্মে ফারজানা সাত্তার, গোপালগঞ্জ থেকে বেদুরা আহমেদ সালাম, ঝিনাইদহ থেকে কল্পনা জামান, সাতক্ষীরা থেকে লায়লা, রংপুর থেকে নাসিমা জামান ববি।
গত ৬ ফেব্রুয়ারি থেকে সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করে আওয়ামী লীগ, যা শেষ হয় গত বৃহস্পতিবার বিকেল চারটায়। পরে এক প্রেস ব্রিফিংয়ে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, সংসদের সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি করে দলের আয় হয়েছে ৭ কোটি ৭৪ লাখ ৫০ হাজার টাকা।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বাদশ সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার তারিখ ১৮ ফেব্রুয়ারি রোববার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই করা হবে ১৯ ও ২০ ফেব্রুয়ারি। আপিল দায়ের ২২ ফেব্রুয়ারি এবং আপিল নিষ্পত্তি হবে ২৪ ফেব্রুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ ফেব্রুয়ারি, প্রতীক বরাদ্দ ২৭ ফেব্রুয়ারি এবং ভোটগ্রহণ হবে ১৪ মার্চ।






