আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে বাঙালি অটুট-ঐক্যবদ্ধ ছিল বলেই মির্জা ফখরুল, আমির খসরুরা কোনো সফল আন্দোলন করতে পারেনি। এ ব্যর্থতার কারণে তাদের তওবা করে রাজনীতি থেকে বিদায় নেয়া উচিত। এ দেশে রাজনীতি করতে হলে খুন, ট্রেনে আগুন দেওয়া, মানুষকে পুড়িয়ে হত্যার দায় স্বীকার করে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে।শুক্রবার রাজধানীর মোহাম্মদপুরের বিজ্ঞানী ড. এম ওয়াজেদ মিয়া স্মৃতি পাঠাগারে ড. এম ওয়াজেদ মিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় এসব কথা বলেন তিনি।
পাটমন্ত্রী বলেন, বিএনপির মহাসচিবসহ মুক্তিপ্রাপ্ত নেতারা আত্মসম্মান-আত্মমর্যাদা রক্ষার জন্য বাগাড়ম্বর করছেন। রাজনৈতিক ভুলধারায় চলার কারণে নিশ্চিত একটি গহ্বরে নিমজ্জিত হতে হয়, এ সত্যকে তারা স্বীকার করবে কি না আমার জানা নেই। তবে আমি এটুকু বলতে পারি, স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে যারা এভাবে অরাজনৈতিক হত্যাকাণ্ড, নির্যাতন-নিপীড়ন, সন্ত্রাস চালিয়ে রাজনৈতিক যাত্রা করেছিলেন মাঝপথেই তাদের রাজনীতির রাজনৈতিকভাবে অপমৃত্যু ঘটেছে।
বিজ্ঞানী ড. এম ওয়াজেদ মিয়া স্মৃতিচারণ করে তিনি বলেন, বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. এম ওয়াজেদ মিয়া বাংলাদেশকে একটি বিজ্ঞানভিত্তিক দেশ হিসেবে গড়ে তুলতে সর্বদা সচেষ্ট ছিলেন। ড. এম ওয়াজেদ মিয়ার মতো সৎ, নির্লোভ বিজ্ঞানসাধক মানুষ খুঁজে পাওয়া কঠিন। তিনি ক্ষমতার খুব কাছাকাছি থেকেও কোনো সুযোগ সুবিধা নেননি।
এ সময় উপস্থিত ছিলেন- সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব খলিল আহমদ, আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফরিদুন্নাহার লাইলী, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামসুন নাহার চাঁপা, যুব মহিলা লীগের সভাপতি আলেয়া সারোয়ার ডেইজী প্রমুখ।





