রাজধানীর শেরেবাংলা নগর থানা এলাকার চারটি হাসপাতালে দালালবিরোধী অভিযানে নেমে ৩৬ জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বুধবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে অভিযানে নামে র্যাব-২-এর একাধিক দল। দুপুর ১টা পর্যন্ত ৩৬ জনকে আটকের কথা জানানো হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম।
র্যাব-২-এর উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ নাজমুল্লাহেল ওয়াদুদ সংবাদমাধ্যমকে বলেন, সরকারি হাসপাতালে দালালদের দৌরাত্ম্য বেড়েছে। তারা সেখান থেকে রোগী ভাগিয়ে বেসরকারি হাসপাতালে নিচ্ছে। শুধু তা-ই নয়, বেসরকারি হাসপাতালে নিয়ে বেশি বিল করে কমিশন বাণিজ্য করছে তারা।
এ জন্য, শেরেবাংলা নগর এলাকার শিশু হাসপাতাল, পঙ্গু হাসপাতাল, হৃদ্রোগ ইনস্টিটিউট ও সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালানো হচ্ছে। এর মধ্যে সোহরাওয়ার্দী হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে নেয়ার সময় ১৭ জন, হৃদ্রোগ ইনস্টিটিউট থেকে ১২, শিশু হাসপাতাল থেকে ৪ ও পঙ্গু হাসপাতাল থেকে ৩ জনকে আটক করা হয়েছে।
আটক ব্যক্তিদের নিয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে জানান র্যাব কর্মকর্তা।







