তিন ম্যাচ সিরিজে টিকে থাকার লক্ষ্যে বুধবার (৬ মার্চ) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ফিল্ডিং নিয়েছে বাংলাদেশ। এ ম্যাচে জয়ের জন্য বদ্ধপরিকর টাইগার বাহিনী।
অভিষিক্ত জাকের আলি অনিক এবং অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদের বীরত্বপূর্ণ ইনিংস সত্ত্বেও প্রথম টি-টোয়েন্টিতে মাত্র ৩ রানে হেরে যায় বাংলাদেশ। বড় রান তাড়া করতে নামা বাংলাদেশের জয়ের আশা শেষ ওভার পর্যন্ত বাঁচিয়ে রেখেছিলেন ৩৪ বল খেলে ৬৮ রানের ইনিংস খেলা জাকের। বিশেষভাবে সাহসী ব্যাটিংয়ের জন্য প্রশংসা কুড়িয়েছেন জাকের। নিজের ইনিংসে ৬টি ছক্কা হাঁকান জাকের। যা শুধুমাত্র একজন অভিষেক ব্যাটার হিসেবেই নয়, টি-টোয়েন্টি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশি কোন ব্যাটারের পক্ষেও সর্বোচ্চ।
ভালো খেলেও হারের পরও এমন পারফরমেন্স সিরিজে সমতা আনতে বাংলাদেশকে অনুপ্রাণিত করবে বলে জানিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
শান্ত বলেন, ‘আমরা বোলিংয়ে ভালো শুরু করেছি। কিন্তু পরবর্তীতে আমাদের পরিকল্পনা কাজে লাগাতে পারিনি। মাহমুদুল্লাহ-জাকেরের ইনিংস দু’টি দুর্দান্ত ছিল। আশা করি তারা আজকের ম্যাচেও এ ধারা অব্যাহত রাখবে।’
শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত ১৪ বারের মোকাবেলায় ১০টিতে হেরেছে বাংলাদেশ, জিতেছে ৪টিতে।







