শেষ দিকে ঝড় তুললো শ্রীলঙ্কা। সিরিজ নির্ধারণী ম্যাচে তাই বাংলাদেশের সামনে চ্যালেঞ্জিং লক্ষ্য। শেষ ওভারে এসে মোস্তাফিজ দিলেন ১৪ রান। ৪ ওভারে তিনি দিয়েছেন ৪৭ রান। শেষ বলে লিটনের দারুণ ‘নো লুক’ থ্রো-তে রানআউট হয়েছেন দাসুন শানাকা, তাতে ১ রান কম পেয়েছে শ্রীলঙ্কা।
ডেথ ওভারে বাংলাদেশের বোলিং পারফম্যান্স দারুণই বলতে হবে। শেষ ৫ ওভারে শ্রীলঙ্কা তুলতে পেরেছে ৩৫ রান, ১৪ রানের শেষ ওভারের পরও। শ্রীলঙ্কা থেমেছে ৭ উইকেটে ১৭৪ রানে।
পাওয়ারপ্লেতে উইকেট হারিয়ে আবার ধাক্কা খায় শ্রীলঙ্কা। মাঝের ওভারগুলোতে অবশ্য তাদের টানেন কুশল মেন্ডিস। তবে তার সঙ্গে সে অর্থে কার্যকরী জুটি গড়েছিলেন শুধু ওয়ানিন্দু হাসারাঙ্গা, তৃতীয় উইকেটে ওঠে ৩১ বলে ৫৯ রান।
এরপর থেকে শ্রীলঙ্কা নিয়মিতই উইকেট হারিয়ে গেছে। মেন্ডিসের বিপক্ষে বাংলাদেশ বোলাররা একটু এলোমেলোই ছিলেন, তবে তারা জুটি ভাঙার উপায় বের করে নেন ঠিকই।
শেষ পর্যন্ত ১৭৪ রানের স্কোর দুই দলকেই খুশি করার কথা। মাঝের ওভারে উইকেট হারিয়ে শ্রীলঙ্কা আসতে পেরেছে এত দূর। অন্য দিকে আগের দুই ম্যাচে রান তাড়ায় বেশ আত্মবিশ্বাসী থাকার কথা বাংলাদেশের। অবশ্য আজ হাসারাঙ্গা-হুমকি সামলাতে হবে স্বাগতিকদের।







