চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি : “মালিক শ্রমিক মিলে গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে চুনারুঘাটে বাংলাদেশ টি এস্টেট স্টাফ এসোসিয়েশনের আয়োজনে মহান মে দিবস ২০২৪ উদযাপিত হয়েছে। ১ মে বুধবার চুনারুঘাট উপজেলা মুক্তিযোদ্ধা অডিটোরিয়াম মাঠে উক্ত সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ টি এস্টেট স্টাফ এসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব জাকারিয়া তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- হবিগঞ্জ ৪ চুনারুঘাট মাধবপুর সংসদীয় আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চুনারুঘাট সহকারী কমিশনার (ভূমি) মাহবুব আলম মাহবুব, বাংলাদেশ টি এস্টেট স্টাফ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আমিনুর রহমান। মৌলভীবাজার সহ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চা বাগানের বিভিন্ন ইউনিট কমিটির প্রতিনিধি, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। প্রধান অতিথির বক্তৃতায় ব্যারিস্টার সুমন এমপি বলেন, দুর্নীতি না করলে বঙ্গবন্ধুর সোনার বাংলা বানানো সম্ভব। এদেশে দুর্নীতিবাজদের কারনে সোনার বাংলা বানানো সম্ভব হচ্ছে না। চা শ্রমিকদের উদ্দেশ্যে ব্যারিস্টার সুমন এমপি বলেন, আমি আপনাদের অভিভাবক হিসেবে পাশে থাকবো। চা শ্রমিকদের নায্য অধিকার আদায়ে প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার আশ্বাস প্রদান করেন।







