বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে সরকার পতনের পর সরকারি কাজে গতি ফেরাতে ১৯ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। মঙ্গলবার (৬ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন উপসচিব কানিজ ফাতেমা।
এতে বলা হয়েছে, নিম্নবর্ণিত কর্মকর্তাগণকে তাদের নামের পাশে বর্ণিত পদে বদলিপূর্বক নিয়োগ করা হলো।জনস্বার্থে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
জানা গেছে, সদ্য বিদায়ী আওয়ামী লীগ সরকারের সময় বিএনপি ঘেঁষা অপবাদ দিয়ে কোণঠাসা করে রাখা হয়েছিলো এসব কর্মকর্তাদের।


এদিকে শেখ হাসিনার সরকার হটতেই নড়েচড়ে বসেছেন সচিবালয়ের বিএনপিপন্থি কর্মকর্তা-কর্মচারীরা। সচিবালয়ে জরুরি এক আলোচনা সভায় তারা সংগঠিত হওয়ার ঘোষণা দিয়েছেন। এতদিন পদোন্নতি বঞ্চিত এসব কর্মকর্তারা সরকারপন্থিদের হুঁশিয়ারিও দেন।
মঙ্গলবার (৬ আগস্ট) সকালে সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের লাইব্রেরিতে এক জরুরি সভা করেন এসব কর্মকর্তা-কর্মচারীরা।
সচিবালয়ে পদবঞ্চিত কর্মকর্তারা বলেন, আমরা আজ একটি বাস্তবতার কথা বলতে চাই, এ আন্দোলনে যারা নিহত হয়েছেন, যেসব ছাত্রভাইয়েরা আত্মত্যাগ করেছেন তাদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। তারা জীবন দিয়ে আমাদের মুক্তি দিয়ে গেছেন। আমরা ভুয়া মুক্তিযোদ্ধা চাই না, যারা এই আন্দোলনে প্রাণ দিয়েছেন, এই দেশের স্বাধীনতা এনেছেন তারাই প্রকৃত মুক্তিযোদ্ধা। আগামীতে ভুয়া মুক্তিযোদ্ধাদের নাম সরিয়ে এই মুক্তিযোদ্ধাদের নাম লেখা হবে।
কর্মকর্তারা আরও বলেন, আমরা গত নির্বাচন এবং চারদিন আগেও দেখেছি, আপনারা অনেকেই দালালি করেছেন। সরকারি এমপি-মন্ত্রীদের পিছু পিছু ঘুরেছেন। আজকের এই আলোচনায় এমন সুবিধাভোগী কোনো কর্মকর্তা-কর্মচারী থাকলে বের হয়ে যান। যদি এমন কেউ থাকেন তাহলে আপনার বিবেককে প্রশ্ন করেন এই ১৫ বছরে আপনারা কী করেছেন? বিবেকের কাছে প্রশ্ন করে এমন কর্মকর্তারা বের হয়ে যান। তা না হলে আপনাদের কিছু হয়ে গেলে সে দায় আমরা নেব না।







