ইভান চৌধুরী, বেরোবি প্রতিনিধি:
সুস্থ হয়ে আবারও শ্রেণিকক্ষে ফিরতে চান বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৬-১৭ সেশনের মেধাবী শিক্ষার্থী বীণা রানী। তিনি বর্তমানে কিডনি-সংক্রান্ত জটিলতায় ভুগছেন।
বীণার দুটি কিডনিই অকেজো এবং তার শারীরিক অবস্থার অবনতি ঘটছে। প্রতি মাসে তার ওষুধ ও ডায়ালাইসিসের জন্য প্রায় ২০ হাজার টাকা ব্যয় হচ্ছে। চিকিৎসকরা অতি দ্রুত তার কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দিয়েছেন। এ জন্য প্রায় ২০ লাখ টাকার প্রয়োজন, যা তার পরিবারের একার পক্ষে বহন করা অসম্ভব।
বীণার বাড়ি পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায়। তার বাবা এখন বার্ধক্যজনিত কারণে অসুস্থ। বড় ভাই সংসার চালাচ্ছে। ছোট ভাই কলেজছাত্র।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, গত বছরের ফেব্রুয়ারিতে বীণার অসুস্থতা ধরা পড়ে। তিনি দুই বছর ধরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং ভারতের ক্রিশ্চিয়ান মেডিক্যাল কলেজ (সিএমসি) হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এ জন্য ইতিমধ্যে পরিবারের ৮ লাখ টাকা ব্যয় হয়েছে।
বীণার বন্ধু গোলাম সারোয়ার বলেন, ‘আমার বান্ধবীর জন্য আপনারা মানবতার হাত বাড়িয়ে দিন। যেন আমরা আবারও একসঙ্গে চলতে পারি প্রিয় ক্যাম্পাসে।’
এ বিষয়ে বীণার বড় ভাই নির্মল বলেন, ‘ আমাদের পরিবারের পক্ষে এত টাকা সংকুলান সম্ভব নয়। এমন পরিস্থিতিতে সমাজের বিত্তশালীদের কাছে সহায়তা চাই। আমার বোন আবারও ক্যাম্পাসের নির্মল বাতাসে স্বাভাবিকভাবে ক্লাস করতে চায়।’
‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু…’। ভূপেন হাজারিকার সেই কালজয়ী গান আজও মানুষকে মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানায়। মধ্যবিত্ত পরিবারটি বীণার ব্যয়বহুল চিকিৎসায় ইতোমধ্যে সাধ্যের সবটুকু উজাড় করে দিয়েছে। এ পরিস্থিতিতে বীনার চিকিৎসায় আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার জন্য সবাইকে বিনীতভাবে অনুরোধ জানিয়েছেন তার পরিবার ও বন্ধুরা।
আর্থিক সহায়তা পাঠানোর উপায়: মো: রাশেদুজ্জামান, একাউন্ট নাম্বার- ০১০০২২০১৮১৭৯৫ (জনতা ব্যাংক, লালবাগ শাখা, রংপুর)। গোলাম সারোয়ার বুলেট, একাউন্ট নাম্বার- ৭০১৭৩১৭৫১৪২৯০ (ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিং)। এছাড়াও সহযোগীতা পাঠাতে পারেন বিকাশ, নগদ কিংবা রকেটে। ০১৭৮২৮২২৪৪০/০১৭০৫৮৩১৯৯১ (বিকাশ/রকেট/নগদ)।







