বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী সন্ত্রাসী বাহিনীর গুলিতে শাহাদাতবরণকারী রাজশাহী মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক শহীদ আলী রায়হানের জানাজা সম্পন্ন হয়েছে। আজ ৯ আগস্ট বাদ জুমা রাজশাহী সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা রফিকুল ইসলাম খান। এ ছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি ও জামায়াতের স্থানীয় নেতৃবৃন্দ, ছাত্রশিবিরের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী মহানগরের সমন্বয়কবৃন্দ।
জানাজাপূর্ব সমাবেশে আমীরে জামায়াতে ডা. শফিকুর রহমান বলেন, “দেশকে স্বৈরাচার মুক্ত করতে গিয়ে আমরা শহীদ আলী রায়হানের মতো শত শত সন্তান হারিয়েছি, অনেকে তাদের স্বজন হারিয়েছেন, সহযোদ্ধা হারিয়েছেন। এত বিপুলসংখ্যক মানুষকে হারিয়ে পুরো দেশ আজ শোকে মুহ্যমান। আল্লাহ আমাদের ধৈর্যের সাথে এ শোক কাটিয়ে ওঠার তাওফিক দান করুন।”
তিনি বলেন, “বাংলাদেশে হাসিনাপরবর্তী অন্তর্বর্তীকালীন যে সরকার গঠিত হয়েছে, আমরা তাদের কাছে আহ্বান জানাই, স্বৈরাচারবিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তাদের রাষ্ট্রীয়ভাবে ‘জাতীয় বীর’ উপাধি ঘোষণা করা হোক। যারা আহত ও পঙ্গুত্ববরণ করেছেন, তাদেরকেও রাষ্ট্রীয়ভাবে সম্মাননা প্রদান করা হোক।”
ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেন, “শহীদ আলী রায়হান ছিলেন ইসলামী আন্দোলনের একজন অগ্রসৈনিক। শুধু তাই নয়, চলমান ফ্যাসিস্টবিরোধী আন্দোলনে তার ভূমিকা ছিল অতুলীয়। জালেমরা তার এই তৎপরতাকে সহ্য করতে পারেনি। তাই তাকে টার্গেট করে নির্মমভাবে শহীদ করা হয়েছে। আমরা স্পষ্টভাবে ঘোষণা করছি, যেই রাজশাহীর মাটিতে শহীদ আলী রায়হান, শহীদ সাব্বির, শহীদ নোমানীদের রক্ত ঝরেছে, সেই ময়দান আমরা জালেমের হাতে ছেড়ে দেবো না। আমরা রাজশাহী থেকে সকল জুলুমবাজদের উৎখাত করে ছাড়ব, ইনশাআল্লাহ। তবে আমরা কোনো সহিংসতা চাই না, আমরা আমাদের আদর্শ বাস্তবায়নের মাধ্যমেই এর প্রতিশোধ নিতে চাই।”
বক্তব্য শেষে আমীরে জামায়াতের ইমামতিতে জানাজা সম্পন্ন হয়। জানাজায় ছাত্রশিবির ও জামায়াতে ইসলামী-সহ সর্বস্তরের বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, শহীদ আলী রায়হান গত ৫ আগস্ট রাজশাহী বিনোদনপুরে আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে আহত হলে মুমূর্ষু অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গতকাল ৮ আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যায় রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি শাহাদাতবরণ করেন।







