পোশাককর্মী মো. রুবেলকে হত্যার নির্দেশদাতা হিসেবে সাকিব আল হাসানকে অভিযুক্ত করা হয়েছে আদাবর থানায়। এ নিয়ে গত কয়েকদিন ধরেই তোলপাড় দেশের ক্রিকেটে। বাংলাদেশ জাতীয় দলের অলরাউন্ডারের পাশাপাশি সাকিবের অন্য পরিচয় – তিনি সদ্যবিলুপ্ত দ্বাদশ সংসদে মাগুরা-১ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকে জয়ী হয়ে সংসদ সদস্য হয়েছিলেন।
তাঁর বিরুদ্ধে এই মামলা যৌক্তিক কি না, এই মামলার কারণে জাতীয় দলে ৩৭ বছর বয়সী সাকিবের ভবিষ্যৎ হুমকির মুখে পড়েছে কি না, এসব নিয়েই গত কদিনে অনেক আলোচনা হচ্ছে। এই বিতর্কের মধ্যে গতকাল বাঁহাতি ব্যাটসম্যান মুমিনুল হক ফেসবুকে পোস্ট করেছিলেন সাকিবের পক্ষ নিয়ে। এরপর একে একে মুশফিকুর রহিম, লিটন দাস ও বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তও ফেসবুকে সাকিবের পক্ষে লিখেছেন।
মুশফিক তো ‘বন্ধু’ সাকিবের বিরুদ্ধে তোলা এই অভিযোগ মিথ্যা জানিয়ে লিখেছেন, তিনি জানেন, সাকিব কখনো কোনো অমানবিক কাজে লিপ্ত হবেন না।
গতকাল রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ১০ উইকেটে জিতেছে বাংলাদেশ, যা পাকিস্তানের বিপক্ষে টেস্টে বাংলাদেশের প্রথম জয়। এ জয়ের পথে দুই ইনিংসে ৪ উইকেট নেওয়ার পথে সাকিব একটা রেকর্ডও গড়েছেন – নিউজিল্যান্ডের সাবেক স্পিনার ড্যানিয়েল ভেট্টোরিকে পেরিয়ে হয়ে গেছেন আন্তর্জাতিক ক্রিকেটে তিন সংস্করণ মিলিয়ে সবচেয়ে বেশি উইকেট পাওয়া বাঁহাতি স্পিনার।
সাকিবকে নিয়ে মুশফিকের পোস্ট। ছবি: ফেসবুক থেকে নেওয়া স্ক্রিনশট
সেই রেকর্ডের কথা তুলে ধরে ফেসবুক পোস্টে প্রথমে সাকিবকে অভিবাদন জানিয়েছেন মুশফিক, ‘সাকিবকে বাঁহাতি স্পিনার হিসেবে সর্বাধিক উইকেট নেয়ার রেকর্ড গড়ার জন্য অভিনন্দন। আমি অনেকবার বলেছি এবং আবার বলছি যে, সাকিবের মতো একজন চ্যাম্পিয়নের সাথে খেলতে পেরে আমি গর্বিত।’
এরপর সাকিবের বিরুদ্ধে ওঠা মামলার দিকে ইঙ্গিত করে মুশফিক লিখেছেন, ‘…একজন টিমমেট এবং ভাই হিসেবে, আমি সাকিবের কঠিন সময়গুলোর সঙ্গী এবং আমি তার বিরুদ্ধে তোলা মিথ্যা অভিযোগের সমর্থন করি না, কারণ আমি জানি সে কখনোই অমানবিক কাজে লিপ্ত হবে না। আমরা সবসময় তোমার পাশে আছি, বন্ধু।’
সাকিবকে নিয়ে লিটনের পোস্ট। ছবি: ফেসবুক থেকে নেওয়া স্ক্রিনশট
জাতীয় দলের ব্যাটসম্যান লিটন দাসও ফেসবুক পোস্টে সাকিবের পাশে দাঁড়ানোর কথা বলেছেন, ‘সাকিব আল হাসান, আমার কাছে যিনি একজন পারফেক্ট টিমম্যান। সতীর্থ হিসাবে তাঁর সাথে ড্রেসিংরুম ভাগ করা আমার ক্যারিয়ারের অন্যতম পাওনা। ক্রিকেটে যেকোন জিজ্ঞাসায় সাকিব ভাই যেনো উত্তরের ঝাপি খুলে আগে থেকেই তৈরি। ক্রিকেটের বাইরেও তিনি আমার কাছে বড্ড আপন।’
তাঁর পাশে দাঁড়ানো সাকিব ব্যাট উঁচিয়ে আছেন – এমন ছবি দেওয়া পোস্টের পরের অংশে লিটন লিখেছেন, ‘সাকিব আল হাসান, ছবিতে ব্যাটটা যেমন উচু আছে, মাথাটাও সবসময় উচুতেই থাকবে। ছবির মত আমরা হাততালি দিব আপনাকে উঁচুতে উঠতে দেখে।’
সাকিবকে নিয়ে শান্তর পোস্ট। ছবি: ফেসবুক থেকে নেওয়া স্ক্রিনশট
আর সাকিবের বিরুদ্ধে এমন মামলা অপ্রত্যাশিত জানিয়ে জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত নতুন বাংলাদেশে নতুন কিছু দেখার আশার কথা লিখেছেন, ‘সাকিব ভাই আমাদের দেশের অনেক বড় সম্পদ। দীর্ঘ ১৭ বছর বিশ্বের দরবারে বাংলাদেশের নাম উঁচিয়ে ধরেছেন তিনিই। সাকিব ভাইয়ের নামে এমন মামলা অপ্রত্যাশিত। নতুন বাংলাদেশ, আমরা সবাই নতুন কিছু দেখতে চাই। আশা করি সকল আঁধার কেটে, নতুন আলো আসবে!’








