রাশিয়া ইউক্রেনে একটি আগ্রাসন চালাতে পারে- এমন শঙ্কার মধ্যে যুদ্ধবিরতি ভেঙ্গে ইউক্রেনের সরকারি বাহিনী দেশটির পূর্বাঞ্চলে রাশিয়া সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের ওপর আবারও গোলাবর্ষণ করেছে। যার ফলে দুই দেশের সীমান্ত উত্তেজনা বেড়েই চলছে। রুশ বার্তাসংস্থা ইন্টারফ্যাক্সের বরাতে খবর আল জাজিরার।
দোনেস্ক পিপলস রিপাবলিক নামে পরিচিত রুশপন্থী ওই বিদ্রোহীদের অধ্যুষিত গ্রাম পেট্রিভস্কিতে ইউক্রেনের সরকারি বাহিনী স্থানীয় সময় শুক্রবার সকালে গোলাবর্ষণ শুরু করে।
ইন্টারফ্যাক্সের ওই প্রতিবেদনে আরো বলা হয়েছে, লুহানস্ক পিপলস রিপাবলিক নামে আরেক বিচ্ছিন্নতাবাদিরাও দাবি করেছে, তাদের ওপরও বেশ কয়েকটি মর্টার হামলা হয়েছে।
অপরদিকে ইউক্রেন সরকার বলছে, শুক্রবার আর্টিলারি বা মর্টার দিয়ে চারবার হামলা চালিয়েছে বিদ্রোহীরা।
গত আট বছর ধরে ইউক্রেনের দোনবাস এলাকায় যুদ্ধে লিপ্ত বিদ্রোহীরা। অনেকটা নিয়মিতই দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি লঙ্ঘিত হয়।
তবে চলতি সপ্তাহে দুই পক্ষের মধ্যে এ সংঘাত অনেকটাই বেড়েছে। এ সপ্তাহে এটি দ্বিতীয় হামলার ঘটনা।
দোনবাসের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ক্রেমলিন। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ‘পূর্ব ইউক্রেনে লড়াই বেড়ে যাওয়ার খবরে সতর্ক অবস্থায় আছে মস্কো।’
সাংবাদিকদের তিনি বলেন, ‘দোনবাসে যা ঘটছে তার খুবই উদ্বেগের এবং সম্ভবত অনেকটাই ভয়ঙ্কর।’






