কক্সবাজারের রামুতে চলন্ত ট্রেনের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের চারজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে একজন নারী, দুটি শিশু ও একজন পুরুষ রয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত আরও দুজনকে হাসপাতালে নেওয়া হয়েছে।
আজ শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের কাটিরমাথা সংলগ্ন রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পর অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়।
নিহত ব্যক্তিরা হলেন কাইম্যার ঘোনা এলাকার নুরুল ইসলামের বড় ছেলে মো. রুবেল (৩০), তাঁর বোন কাসফিয়া (২০), কাসফিয়ার ১৮ মাস বয়সী মেয়ে মারুফা এবং রুবেলের ছেলে সাহিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, তাঁরা সিএনজিচালিত অটোরিকশায় করে বোনের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। পথে দক্ষিণ মিঠাছড়ির কাটিরমাথা রেলক্রসিংয়ে চলন্ত ট্রেনের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়। এতে কাসফিয়া ঘটনাস্থলেই মারা যান। অন্য তিনজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান বলে জানা গেছে।
দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খুদেস্তা বেগম রীনা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রথমে দুজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল, পরে আরও দুজন মারা গেছেন বলে জানা গেছে।
এদিকে কক্সবাজার সদর উপজেলার খরুলিয়ায় ট্রাকচাপায় তানিম ইকবাল নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, খরুলিয়া সরকারি শিশু পরিবারের সামনে দ্রুতগতির একটি ট্রাক মোটরসাইকেল আরোহীকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
ঝিলংজা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুর রশিদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত তরুণের পুরো পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি, তবে তাঁর পকেটে থাকা একটি পরিচয়পত্রে তানিম ইকবাল নামটি দেখা গেছে।







