মাতৃত্ব আর পিতৃত্বের আবেগকেও হার মানাল চরম বাস্তবতা ও নিষ্ঠুর দারিদ্র্য। হবিগঞ্জের মাধবপুরে রাস্তায় কুড়িয়ে পাওয়া সেই নবজাতক কন্যাশিশুটির মা-বাবার সন্ধান মিললেও, তারা তাকে নিজের বুকে ফিরিয়ে নিতে রাজি হননি।
উল্টো উপজেলা প্রশাসনের কাছে লিখিত অঙ্গীকার করে জানিয়েছেন, ভবিষ্যতে এই শিশুর ওপর তারা কোনো দাবি রাখবেন না।
গত ৬ জুলাই ভোরে মাধবপুর উপজেলার উত্তর শাহপুর এলাকায় জেলা পরিষদের সড়কের পাশ থেকে কান্নার শব্দ শুনে স্থানীয়রা কাপড়ে মোড়ানো অবস্থায় এই নবজাতককে উদ্ধার করেন। পরে তাকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং প্রশাসনের তত্ত্বাবধানে একটি সেফ হোমে রাখা হয়।
বৃহস্পতিবার (৯ জুলাই) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির হয়ে শিশুটির বাবা ও মা জানান, তাদের ঘরে আগে থেকেই দুটি কন্যাসন্তান রয়েছে, যার একটি বিশেষ চাহিদা সম্পন্ন। সদ্য জন্ম নেওয়া এই শিশুটিও বিশেষ চাহিদা সম্পন্ন বলে তাদের ধারণা।
স্বল্প আয়ের এই সংসারে আরেকটি বিশেষ শিশুর চিকিৎসা ও লালন-পালনের খরচ চালানো তাদের পক্ষে একেবারেই অসম্ভব। অভাবের তাড়নায় বাধ্য হয়েই তারা সন্তানকে রাস্তায় ফেলে এসেছিলেন এবং এখন লিখিতভাবে তার সমস্ত অধিকার ত্যাগ করেছেন।
বর্তমানে উপজেলা শিশু কল্যাণ বোর্ডের সিদ্ধান্তে শিশুটিকে একটি নিঃসন্তান দম্পতির জিম্মায় দেওয়া হয়েছে। দারিদ্র্যের এই নির্মমতার গল্পটি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন পরিস্থিতির সৃষ্টি করেছে।
(তথ্যসূত্র: স্থানীয় প্রশাসন ও চ্যানেল ২৪ নিউজ রিপোর্ট)
Views: 138
Related