হরমুজ প্রণালির পূর্ব দিকে যুক্তরাষ্ট্রের আরও একটি এমকিউ-১ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। এ নিয়ে এ ধরনের মোট ২০টি মার্কিন ড্রোন ভূপাতিত করা হলো বলে দাবি করেছে বাহিনীটি। এর মধ্যে কেবল গত ২৪ ঘণ্টায় ভূপাতিত করা হয়েছে চারটি ড্রোন। আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আইআরজিসি জানিয়েছে, তাদের নিজস্ব আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ব্যবহার করে সর্বশেষ মার্কিন ড্রোনটি ভূপাতিত করা হয়েছে।
এ ঘটনার পর দেওয়া এক বিবৃতিতে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইরানের এই অভিজাত বাহিনী। বিবৃতিতে আইআরজিসি সতর্ক করে বলেছে, ইরানের আকাশসীমা তাদের জন্য চূড়ান্ত সীমারেখা বা রেড লাইন। দেশটির আকাশসীমা লঙ্ঘনের যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে কঠোর, চূড়ান্ত ও শক্তিশালী জবাব দেওয়া হবে।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, আইআরজিসির তরুণ আকাশ প্রতিরক্ষা বিশেষজ্ঞ ও কর্মকর্তারা বর্তমানে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন। উন্নত নজরদারি ও গোয়েন্দা পর্যবেক্ষণব্যবস্থা কাজে লাগিয়ে তারা ওই অঞ্চলে শত্রুপক্ষের সব ধরনের গতিবিধি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন।









