মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের মিরসরাইয়ে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া আড়াইশ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (৩ অক্টোবর) দুপুরে জেলা পরিষদ অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। মিরসরাই আসনের সংসদ সদস্য নুরুল আমিনের পক্ষ থেকে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিনি নিজেই। প্রধান বক্তা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য নুরুল আমিন বলেন, আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনে দেশের নেতৃত্ব দেবে। তাই ভালো ফলাফলের পাশাপাশি তাদের নৈতিকতা, মানবিকতা, মূল্যবোধ, দেশপ্রেম ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। তিনি কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে ভবিষ্যতে আরও ভালো ফলাফলের জন্য কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও সততার সঙ্গে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
প্রধান বক্তা আবিদুল ইসলাম খান বলেন, ‘গত ১৭ বছর পাশের দেশে বাংলাদেশকে ইজারা দিয়ে ক্ষমতায় টিকে থাকার জন্য আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। সেই জায়গা থেকে উত্তরণে বর্তমান নির্বাচিত সরকার তারেক রহমানের নেতৃত্বে এবং শিক্ষামন্ত্রী সর্বোচ্চ কাজ করছে।’
কৃতী শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, জিপিএ-৫ অর্জন করেছ বলে অহংকার করা যাবে না। এইচএসসিতে আরও ভালো ফলাফল করতে হলে পড়াশোনায় বেশি মনোযোগী হতে হবে। এ ক্ষেত্রে শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবক—সবার এগিয়ে আসতে হবে।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের আদর্শ হতে হবে বাবা-মা ও শিক্ষক। বাবা-মায়ের পাশাপাশি শিক্ষকদেরও সম্মান করতে হবে এবং তাদের স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে।
চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠানে যৌথভাবে সঞ্চালনা করেন মিরসরাই উপজেলা ছাত্রদল ক্রীড়া কমিটির আহবায়ক তরিকুর রহমান বাবু ও সদস্য সচিব নাঈম সরকার। উদ্বোধনী বক্তব্য দেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সভাপতি তকিবুল হাসান চৌধুরী তকি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক ছাত্রদল নেতা ও বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক দিদারুল আলম মিয়াজী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল আউয়াল চৌধুরী, সাবেক আহবায়ক শাহীদুল ইসলাম চৌধুরী, সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, যুগ্ম আহবায়ক সালা উদ্দিন সেলিম ও নুরুল আবছার চেয়ারম্যান, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাঈন উদ্দিন মাহমুদ, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সরোয়ার উদ্দিন সেলিম এবং চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাহিদুল আফসার ভূঁইয়া জুয়েলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। পরে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া আড়াইশ কৃতি শিক্ষার্থীর হাতে অতিথিরা সম্মাননা ক্রেস্টসহ অন্যান্য পুরষ্কার তুলে দেন।









