ওয়ার্কাস পার্টির সভাপতি রাশেদ খান মেনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২২ আগস্ট) বিকেলে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে।
এর আগে ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মোস্তফা আলমগীর রতন সাংবাদিকদের বলেন, রাশেদ খান মেননকে তার বাসা থেকে ৫টা ১৫ মিনিটে ডিবি পরিচয়ে আটক করা হয়েছে।
তাকে কোথায় নেওয়া হয়েছে সেবিষয়ে মোস্তফা রতন বলেন, যেহেতু উনাকে ডিবি আটক করেছে, তাই ডিবি কার্যালয়ে থাকার কথা।
উল্লেখ্য, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন ও আনোয়ার হোসেন মঞ্জুসহ ২৮ জনের নামে মামলা হয়েছে গত সোমবার।
জানা গেছে, মিরপুরে শিক্ষার্থী আলভীকে হত্যার ঘটনায় শেখ হাসিনা, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন ও আনোয়ার হোসেন মঞ্জুসহ ২৮ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। এ মামলা আরও অন্তত ৫০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। মামলায় দল হিসেবে আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনকে আসামি করা হয়েছে।
এছাড়া সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক, জাসদের সভাপতি হাসানুল হক ইনু ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বিরুদ্ধে জিয়া পরিবার নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে মামলার আবেদন করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালতে জিয়াউর হক নামে এক আইনজীবী এ আবেদন করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ শেষে আদেশ অপেক্ষমাণ রেখেছেন।







