মোঃ রবিউল ইসলাম
নলডাঙ্গা(নাটোর)প্রতিনিধি :
নাটোরের নলডাঙ্গায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। উপজেলার বিপ্রবেলঘড়িয়া ইউনিয়নে ধামনপাড়া কাঠুয়াগাড়ি এলাকার পাকা সড়কের পাশে ফাঁকা জায়গা থেকে সেচকাজে ব্যবহৃত একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করেছে দুর্বৃত্তরা।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২১ নভেম্বর) গভীর রাতের যেকোনো একসময় অজ্ঞাত চোরেরা এ চুরির ঘটনা ঘটায়। গ্রামের. মোন্তাজ ডাক্তারের পুকুরপাড়ে সেচকাজে ব্যবহৃত এলও.৪ডি.১০২.২ নম্বর পোলে স্থাপিত ট্রান্সফরমারটি চুরি হয়েছে।
এ ঘটনায় এলাকায় উদ্বেগ সৃষ্টি হয়েছে। বিশেষ করে সেচকাজে ব্যবহৃত ট্রান্সফরমার চুরির কারণে কৃষিকাজ ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।
এ বিষয়ে পল্লী বিদ্যুতের মোমিনপুর অভিযোগ কেন্দ্রের ইনচার্জ বেলাল উদ্দিন জানান, ঘটনাস্থল পরিদর্শন করে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হবে। পরে লিখিত প্রতিবেদন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
এ বিষয়ে নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনোয়ার জাহান বলেন, লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।









