মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
খেলাধুলার মাধ্যমে সুস্থ সমাজ গঠন এবং তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে টাঙ্গাইলের মধুপুরে আয়োজন করা হয়েছে ‘চাড়ালজানী ফুটসাল ফুটবল টুর্নামেন্ট—সিজন ২’।
রোববার (২৫ অক্টোবর) চাড়ালজানী স্পোর্টিং ক্লাবের আয়োজনে এ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব খন্দকার মোতালিব হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম সিদ্দিক, সিনিয়র যুগ্ম সম্পাদক মোশারফ হোসেন মুসা, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান রবিন, যুগ্ম সম্পাদক আব্দুস সালাম ও নাজিম উদ্দিন।
টুর্নামেন্টের আয়োজক চাড়ালজানী স্পোর্টিং ক্লাবের মূল লক্ষ্য তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা, শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করা এবং মাদকমুক্ত সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখা।
আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের ক্রীড়া আয়োজন তরুণদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, পারস্পরিক সম্প্রীতি ও সুস্থ প্রতিযোগিতার মনোভাব গড়ে তুলবে। পাশাপাশি স্থানীয় পর্যায়ে ফুটবলের প্রসার ঘটবে এবং তরুণ প্রজন্ম মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে থাকতে উৎসাহিত হবে।
আয়োজকদের প্রত্যাশা—‘খেলাধুলায় গড়ি সুস্থ সমাজ, মাদকমুক্ত তরুণ প্রজন্ম।’ এ স্লোগানকে সামনে রেখে চাড়ালজানী স্পোর্টিং ক্লাবের এ আয়োজন সফল ও ধারাবাহিক হোক—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।









