বাংলাদেশের বিপক্ষে আসন্ন দ্বিপক্ষীয় সিরিজের সূচি ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।
অক্টোবরের শুরুতে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ দুটি। দুই ফরম্যাটে তিনটি করে মোট ৬টি ম্যাচ হবে।
সিরিজটি অনুষ্ঠিত হবে এশিয়া কাপের পর। সংযুক্ত আরব আমিরাতেই ৯ থেকে ২৮ সেপ্টেম্বর ৮ দল নিয়ে হবে চলবে টি-টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপ। তাতে ১৬ সেপ্টেম্বর ‘বি’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হওয়ার কথা রয়েছে বাংলাদেশ-আফগানিস্তানের।
আজ আফগানিস্তান ক্রিকেট বোর্ড এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দ্বিপক্ষীয় সিরিজ শুরু হবে ২ অক্টোবর প্রথম টি-টোয়েন্টি দিয়ে। পরের দুটি ম্যাচ যথাক্রমে ৪ ও ৬ অক্টোবর। এরপর ওয়ানডে সিরিজ শুরু হবে ৯ অক্টোবর, বাকি দুটি ম্যাচ হবে ১১ ও ১৪ অক্টোবর।
সিরিজ ঘিরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নাসীব খান বলেছেন, ‘আমরা বাংলাদেশের বিপক্ষে সিরিজের আয়োজন করতে পেরে গর্বিত।
এই সফর আমাদের পারস্পরিক সম্পর্কের দৃঢ়তা তুলে ধরে এবং নিরপেক্ষ ভেন্যুতেও বিশ্বমানের ক্রিকেট উপহার দেওয়ার অঙ্গীকারকে স্মরণ করিয়ে দেয়।’








