এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে খেলতে নেমে মুখ থুবড়ে পড়েছে বাংলাদেশের ব্যাটিং। আউট হয়ে গেছেন অধিনায়ক লিটন দাস।
ওয়ানিন্দু হাসারাঙ্গার বলটা তার গ্লাভসে লেগে চলে যায় উইকেটকিপার কুশল মেন্ডিসের গ্লাভসে। আম্পায়ার আউট দেননি। শ্রীলঙ্কানরা রিভিউ নিয়ে পেয়েছে উইকেট। লিটন অবশ্য আগেই হাঁটা ধরেছেন। ২৬ বলে ২৮ রান করেছেন বাংলাদেশ অধিনায়ক।
লিটন ফিরেছেন ১০ম ওভারে পঞ্চম বলে। বাংলাদেশের স্কোর ১৩ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ৭৪ রান। ইনিংসের প্রথম ১২ বলের সবকটির ডট! প্রথম ওভারের প্রথম পাঁচ বল ডট খেলার পর ষষ্ঠ বলে নুয়ান থুসারার দুর্দান্ত ইয়র্কারে স্টাম্প উপড়ে যায় তানজিদ তামিমের। ৬ বল খেলে ডাক খেয়ে ফেরেন তিনি।
পরের ওভারে দুশমন্থা চামিরাও দারুণ বোলিং করেছেন। চতুর্থ বলে অফ স্টাম্পের অনেকটা বাইরের বলে জায়গায় দাঁড়িয়ে শট খেলতে গিয়ে উইকেটের পেছনে ধরা পড়েন পারভেজ হোসেন ইমন। ৪ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি তিনি।
শূন্য রানে দুই উইকেট হারানোর পর তাওহিদ হৃদয়কে নিয়ে বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করেন লিটন দাস। তবে ইনিংসের পঞ্চম ওভারে রান আউটে পড়েন হৃদয়। ৯ বলে ৮ রান করেছেন তিনি।
বিপর্যয়ের মুখে পাঁচে ব্যাট করতে আসেন শেখ মেহেদি। প্রথম বলে বাউন্ডারি হাঁকিয়ে ভালো শুরুর আভাস দিলেও বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। হাসারাঙ্গার গুগলি পড়তে না পেরে লেগ বিফোরের ফাঁদে পড়েছেন তিনি। সাজঘরে ফেরার আগে ৭ বলে ৯ রান করেছেন তিনি।








