ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীর ইসরাইলের সঙ্গে যুক্ত করার চেষ্টা করলে তেল আবিব ওয়াশিংটনের কাছ থেকে ‘সব সমর্থন’ হারাবে বলে ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
মার্কিন-মধ্যস্থতায় গাজা যুদ্ধবিরতি সম্পর্কে গত ১৫ অক্টোবর টাইম ম্যাগাজিনে একটি সাক্ষাৎকার দেন ট্রাম্প। বৃহস্পতিবার ওই সাক্ষাৎকারটি প্রকাশিত হয়। সাক্ষাৎকারে পশ্চিম তীর বা এর কিছু অংশ ইসরাইলের সঙ্গে যুক্ত করার বিষয়ে ট্রাম্পের মতামত জানতে চাওয়া হয়।
জবাবে ট্রাম্প বলেন, ‘এটা হবে না। এটা হবে না। এটা হবে না কারণ আরব দেশগুলোকে আমরা কথা দিয়েছি। তোমরা (ইসরাইল) এখন এটা যুক্ত করতে পারো না। আমাদের প্রতি আরব দেশগুলোর প্রচুর সমর্থন রয়েছে। ইসরায়েল পশ্চিমতীর অধিগ্রহণ করতে পারবে না কারণ আমি আরব দেশগুলোকে কথা দিয়েছিলাম। যদি এটা হয় তাহলে ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে ‘সব সমর্থন’ হারাবে।’
গাজা ইস্যুতে আন্তর্জাতিক মহলের চাপের মধ্যেই অধিকৃত পশ্চিম তীরকে সংযুক্ত করতে ইসরায়েলি পার্লামেন্টে একটি বিলে প্রাথমিক অনুমোদন দেয়া হয়েছে।
বুধবার ইসরায়েলি পার্লাামেন্ট নেসেটে অধিকৃত পশ্চিম তীরকে ইসরাইলের সঙ্গে সংযুক্ত করা ও ইহুদি বসতি সম্প্রসারণ-সংক্রান্ত দুটি বিলে প্রাথমিক অনুমোদন দেয়া হয়। ১২০ সদস্যের নেসেটে ২৫-২৪ ভোটে পাস হয় বিলটি। আইন হিসেবে কার্যকর হওয়ার আগে মোট চার ধাপের ভোটাভুটির প্রথম ধাপ ছিল এটি।






