চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা প্রদান প্রক্রিয়া অবিলম্বে বন্ধ না করা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট। যুক্তফ্রন্টের পক্ষ থেকে নিউমুরিং টার্মিনাল ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে আগামীকাল রবিবার চট্টগ্রাম বন্দর শ্রমিক-কর্মচারীদের কর্মবিরতি ও চট্টগ্রাম স্কপ ঘোষিত বন্দর অভিমুখী কালো পতাকা মিছিলের প্রতি সর্বাত্মক সমর্থন জানানো হয়েছে।
আজ শনিবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে যুক্তফ্রন্ট নেতৃবৃন্দ বলেন, অন্তর্বর্তী সরকার নির্বাচনের তফসিল ঘোষণার পর যেখানে শুধু রুটিন কাজ পরিচালনার কথা সেখানে এখতিয়ারবহির্ভূতভাবে দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তাকে মারাত্মক হুমকির মুখে ফেলে দিচ্ছে। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার লাভজনক বন্দর বিদেশি কম্পানির হাতে তুলে দিতে গোঁ ধরেছে।
সরকারের এই একগুঁয়েমির প্রতিবাদে চট্টগ্রাম বন্দরের শ্রমিক-কর্মচারীরা কর্মবিরতি পালন করছেন। আর চট্টগ্রাম স্কপের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে বন্দর অভিমুখে কালো পতাকা মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে। গণতান্ত্রিক যুক্তফ্রন্ট চট্টগ্রাম বন্দরের শ্রমিক-কর্মচারী ও চট্টগ্রাম স্কপের এই কর্মসূচিতে সর্বাত্মক সমর্থন ও সংহতি জানাচ্ছে এবং কর্মসূচিতে বাধাদানের যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে দেশব্যাপী আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
নেতৃবৃন্দ অবিলম্বে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল বিদেশি কম্পানির কাছে ইজারা দেওয়ার সব প্রক্রিয়া বাতিলের ঘোষণা প্রদানের আহ্বান জানান।
অন্যথ্যায় জাতীয় স্বার্থবিরোধী চুক্তি স্বাক্ষর করলে দেশবাসীকে সাথে নিয়ে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন।
বিবৃতিতে স্বাক্ষর করেছেন বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, সিপিবির সভাপতি সাজ্জাদ জহির চন্দন ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ ক্কাফী রতন, বাংলাদেশ জাসদ-এর সভাপতি শরীফ নুরুল আম্বিয়া ও সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাসদ (মার্ক্সবাদী) সমন্বয়ক মাসুদ রানা, বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলী, জাতীয় গণফ্রন্টের ভারপ্রাপ্ত সমন্বয়ক রজত হুদা প্রমুখ।
Post Views: 133
Related