হাকিকুল ইসলাম খোকন, এমডি নাসির, হেলাল মাহমুদ, বাপসনিউজঃ
নড়াইল সহ সারা বাংলাদেশে হিন্দুদের উপর চলমান হামলা , নির্যাতন, হত্যা ও লুটতরাজের নিন্দা ও এহেন জঘন্য অপকর্মের অবসানে বিশ্ববিবেকের সহযোগিতা কামনায় ২২ নভেম্বর ২০২৬,রোববার সন্ধ্যায় ৫টায় নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজায় বিশাল এক সমাবেশ অনুষ্ঠিত হয়। খবর আইবিএননিউজ ও বাপসনিউজ।‘বাংলাদেশে ইউনাইটেড হিন্দুজ অব ইউএসএ’ আয়োজিত এ সমাবেশে জয়দেব গাইন নামক এক বক্তার উস্কানীমূলক বক্তব্যে লংকাকান্ড তৈরী হয়েছিল। অকারণে আওয়ামী লীগের উদ্দেশ্যে উদ্ভট মন্তব্য করায় ক্ষুব্ধ প্রবাসীগণের জুতাপেটার হাত থেকে নিজেকে রক্ষাকল্পে এই জয়দেব গাইন ছাতা-লাঠি ফেলে পলায়ন করেন বলে জানা গেছে। এরফলে আয়োজনের মহৎ উদ্দেশ্যই শুধু ব্যর্থ হয়নি, বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের আরো বিপদের মুখে ঠেলে দেয়া হলো বলে অনেকে প্রকাশ্যে মন্তব্য করেছেন।
এই সমাবেশে অংশ নেয়া যুক্তরাষ্ট্র যুবলীগের সাবেক সভাপতি তরিকুল হায়দার চৌধুরী ক্ষোভের সাথে অভিযোগ করেন যে, জয়দেব গায়েন হচ্ছেন বিএনপি-জামাত-শিবির-জঙ্গিদের এজেন্ট। উল্লেখ্য, পাশাপাশি দূরত্বে পূর্বাঞ্চল আওয়ামী লীগ এবং প্রবাসী আমেরিকান বাংলাদেশী কমিউনিটি বাংলাদেশে ক্ষমতাসীনদের দু:শাসনের বিরুদ্ধে বিক্ষোভ-কর্মসূচিতে ছিল। সেদিকে ইঙ্গিত করেই জয়দেব গায়েন তার বক্তব্যে বলেন, অনেকের ধারনা যে, বাংলাদেশের হিন্দুরা আওয়ামী লীগের সমর্থক। সেই অবস্থায় এখানে আওয়ামী লীগের সাথে ইউনাইটেড হিন্দুজ অব ইউএসএ’র যৌথ সভা করার কারণে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার-নির্যাতন আরো বাড়বে। বক্তব্যে উষ্কানীমূলক মন্তব্যও করা হয়। এরপরই আওয়ামী লীগের কর্মীরা বিক্ষুব্ধ হয়ে ওঠে। ফলে শুরু হয় বিশৃঙ্খলা ও হৈ-হট্টগোল। তবে উভয় কর্মসূচির নেতৃবৃন্দের হস্তক্ষেপে তা বেশীদূর গড়ানোর আগেই জয়দেব সমাবেশ স্থল থেকে সরে পড়েন বলে প্রত্যক্ষদর্শীরা জানান। উল্লেখ্য, রিমঝিম বৃষ্টির মধ্যেই চলছিল এই সমাবেশ। তাই জয়দেব গায়েনও ছাতা এনেছিলেন। ক্ষোভের মুখে দৌড়ে পলায়নের সময় ছাতা নিতে পারেননি।
গায়েন সরে পড়ার পর ইউনাইটেড হিন্দুজ অব ইউএসএ’র সাধারণ সম্পাদক রামদাশ ঘরামী মাইকে সকলকে শান্ত থাকার অনুরোধ জানিয়ে বলেন, বাংলাদেশে সাম্প্রদায়িক সন্ত্রাস রুখে দিতে বিশ্বজনমত গড়ার অভিপ্রায়ে এখানে বিক্ষোভ করছি। আওয়ামী লীগও একই দাবিতে সোচ্চার। তাই ভুল বোঝাবুঝির কোন অবকাশ থাকতে পারে না।
ইউনাইটেড হিন্দুজ অব ইউএসএ’র সভাপতি ভজন সরকারের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক রামদাশ ঘরামীর সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দীনেশ মজুমদার, শিতাংসু গুহ, বিদুৎ সরকার,ভজন সরকার, সুশিল সিনহা, ড. প্রদীপ রঞ্জন কর, মঞ্জুর চৌধুরী, সমীর রায়, নুরুজ্জামান সর্দার, দীলিপ কে. নাথ, জামাল হোসেন, জাহিদুল হক, শেখ জামাল হোসেন, জুয়েল আহমেদ,মুক্তিযোদ্ধা ফারুক হোসাইন, টি মোল্লা, এডভোকেট শাহ মোহাম্মাদ বখতিয়ার আলী,সেখানে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন,আব্দুল হাসিব মামুন,প্রকৌশলী মোহাম্মাদ আলী সিদ্দিকী,এমএ করিম জাহাঙ্গীর,সাংবাদিক সোহেল চৌধুরী,সাংবাদিক পলাশ নন্দীপ্রমুখ। বক্তারা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন নড়াইল-সহ বিভিন্ন স্থানে হিন্দুদের ওপর বর্বরোচিত আক্রমণের জন্যে। জামাত-শিবিরের নীল নক্সা অনুযায়ী বিএনপি সরকার বাংলাদেশকে সংখ্যালঘু মুক্ত করার প্রক্রিয়া অবলম্বন করেছে বলেও কয়েকজন বক্তা উল্লেখ করেন। সমাবেশে ইস্কন নেতা শ্রীচিন্ময় কৃষ্ণদাসের নি:শর্ত মুক্তির স্লোগানও উঠেছিল।
উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে সমাবেশের অনেকেই জয়দেব গায়েনের কঠোর সমালোচনা করেছেন। তারা উল্লেখ করেছেন যে, চলমান আন্দোলনের পিঠে ছুরিকাঘাতের মতলবে জয়দেব গাইন এহেন আক্রমণাত্মক বক্তব্য দিয়েছেন। ভবিষ্যতে তার মত লোকজনকে এড়িয়ে চলার দাবিও উঠেছে নিউইয়র্কে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের পক্ষ থেকে।







