প্রাথমিক ও মাধ্যমিক স্তরের বিদ্যালয়গুলোর বই রচনা ও পরিমার্জনের কাজগুলো করার জন্য দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান হিসেবে বিদ্যালয়গুলোর সাথে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডর (এনসিটিবি) আরও গভীর ও কার্যকর যোগাযোগ স্থাপন করা প্রয়োজন। সেজন্য প্রয়োজন নিয়মিত বিদ্যালয় পরিদর্শন,জরিপ,অনুসন্ধান ও প্রশিক্ষণ কার্যক্রম শক্তিশালী করার মাধ্যমে প্রামাণিক তথ্যভান্ডার তৈরি করা । প্রামাণিক তথ্যগুলো বই তৈরি এবং পরিমার্জন কাজের গুরুত্বপূর্ণ সহায়কশক্তি হিসেবে কাজ করতে পারে৷ বিদ্যালয়গুলোতে বইগুলোর কার্যকারিতা পরীক্ষা, টিচার্স গাইড (টিজি) বাস্তবায়ন, শিখনপদ্ধতি পরীক্ষা এবং মাঠ পর্যায়ের বাস্তব অভিজ্ঞতা অর্জনের জন্য বিদ্যালয়ের সাথে এনসিটিবির সংযোগ বৃদ্ধি করা প্রয়োজন। তাছাড়া এনসিটিবির প্রশিক্ষণ কার্যক্রম শক্তিশালী করে বিদ্যালয় পর্যায়ে সম্প্রসারণ করার প্রয়োজনীয়তা অনুভব করছি।
যুগোপযোগী বই তৈরির জন্য মাঠের অভিজ্ঞতা অতীব গুরুত্বপূর্ণ। বই, শিক্ষক এবং শিক্ষার্থীদের মাঝে কোথায় শূন্যতা রয়েছে তা যাচাই করার জন্য সবচেয়ে কার্যকর ও যুগোপযোগী কাজ হতে পারে বিদ্যালয় পরিদর্শন করে বাস্তব তথ্য অনুসন্ধান ।
বইয়ের কার্যকারিতা পরীক্ষণ:
সরকারের নতুন বাংলাদেশ বিনির্মাণে শিক্ষাকে বহু দূর এগিয়ে নিতে হবে। সেজন্য প্রয়োজন ব্যাপক অভিজ্ঞতাভিত্তিক এবং প্রামাণিক তথ্য-উপাথ্য। আর বাস্তবায়নের জন্য শিকড়ের দিকে ছুটে যেতে হবে এনসিটিবিকে। তা শুধু বিদ্যালয়ে গিয়ে সরেজমিন পরিদর্শন ও তথ্য সংগ্রহের মাধ্যমেই সম্ভব। বিদ্যালয় পর্যায়ে সরকার যে বইগুলো সরবরাহ করছে তা সরেজমিন পরিদর্শন করে দেখতে পারে এনসিটিবি। বইগুলো শিশুদের উপযোগী কিনা তা পরীক্ষা করতে পারে। শিক্ষার্থীদের শিখনফল যাচাই, শিক্ষকদের প্রস্তুতি যাচাই করে দেখতে পারে। বইগুলো রাষ্ট্র যে উদ্দেশ্যে সরবরাহ করেছে তা বাস্তবায়িত হচ্ছে কিনা তা দেখা প্রয়োজন। উদ্দেশ্য বাস্তবায়িত না হলে বা কোন অসঙ্গতি থাকলে তা চিহ্নিত করে দ্রুত সমাধানের জন্য তখন পর্যাপ্ত বাস্তবভিত্তিক তথ্য থাকবে এনসিটিবির হাতে।
টিচার্স গাইড ( টিজি) বাস্তবায়ন :
বিষয়ভিত্তিক টিচার্স গাইড এনসিটিবির খুবই গুরুত্বপূর্ণ শিক্ষা উপকরণ। কারিকুলাম ও রাষ্ট্রের উদ্দেশ্যের সাথে শিক্ষক-শিক্ষার্থীর সংযোগ স্থাপন করতে করা হয়েছে টিচার্স গাইড বা শিক্ষক নির্দেশিকা। পাঠদানের পদ্ধতিসহ শিক্ষকতার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয় এটির মাধ্যমে। এটি বাস্তবায়নের জন্য এনসিটিবি মাঠ পর্যায়ে পরিদর্শন পরিচালনা করতে পারে। কারণ যথাযথভাবে শিক্ষক নির্দেশিকা অনুসরণ না করার অভিযোগ পাওয়া যাচ্ছে। এনসিটিবি নিজেদের নজরদারি বাড়াতে পারলে এটি বাস্তবায়নের পথ আরও কার্যকর হতে পারে। শিক্ষক নির্দেশিকা বিষয়ে শিক্ষকদের সংক্ষিপ্ত প্রশিক্ষণের আয়োজন করতে এনসিটিবি।
শিক্ষক প্রশিক্ষণ :
কারিকুলাম ও পাঠ্যপুস্তক বিষয়ে সময়ে সময়ে শিক্ষক প্রশিক্ষণের উপর গুরুত্ব দিতে পারে এনসিটিবি। বিষয়ভিত্তিক শিক্ষকদের আলাদা আলাদা করে নিজ বিষয়ের বইয়ের উপর সংক্ষিপ্ত প্রশিক্ষণের আয়োজন করতে পারে এনসিটিবি। প্রতিটি অধ্যায় ও পাঠের শিক্ষাদান পদ্ধতি, লক্ষ্য ও উদ্দেশ্য ইত্যাদি বিষয়ে হাতে-কলমে শিক্ষকদের প্রশিক্ষণ দিলে তারা সহজেই নিজের কাজগুলো গুছিয়ে শিক্ষার্থীদের জন্য ভালোভাবে নিজেকে তৈরি করে নিতে পারবেন।
সরেজমিন পরিদর্শনের সুফল দৃশ্যমান:
বিদ্যালয়ে কর্তৃপক্ষের পরিদর্শন শিক্ষকদের দায়িত্বশীলতা আরও বাড়িয়ে দেয়। কর্তৃপক্ষের পরিদর্শনকালে শিক্ষকদের জবাবদিহিতার মুখোমুখি হতে হবে এমন মানসিক ভাবনা তাদের দক্ষতা বৃদ্ধি এবং তা প্রয়োগে উৎসাহিত করতে পারে। সম্প্রতি ২২-২৫ নভেম্বর ২০২৬ রুম টু রিড নামক এনজিও এবং প্রাথমিক শিক্ষা একাডেমি ( নেপ) যৌথ আয়োজনে ময়মনসিংহের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে পরিচালিত বাংলা ভাষায় শিশুদের পড়া ও লেখার উপর দক্ষতা যাচাইয়ের কর্মসূচিতে এনসিটিবির একটি প্রতিনিধি দল অংশ নিয়ে ইতিবাচক ফলাফল দেখতে পেয়েছে। উপর্যুক্ত দুটি সংস্থা তিন ধাপে এ কর্মসূচি পরিচালনা করেছে। প্রাথমিক এবং মাধ্যমিক পর্যায়েও এনসিটিবির প্রতিনিধি অংশগ্রহণ করেছিল। এবার ছিল তিন পর্বের শেষ পর্ব। এ দলটি একই কর্মসূচির পূর্বের থেকে শেষ ধাপে ক্রমে ক্রমে শিখন দক্ষতার উন্নয়ন প্রত্যক্ষ করেছে। আগের ধাপগুলোতে শিক্ষদের যেসকল নির্দেশনা প্রদান করা হয়েছিল তা বাস্তবায়নে চেষ্টা শিক্ষকদের আরও দায়িত্বশীল ও কর্মোপযোগী করে তুলেছে বলে মনে হয়েছে । ফলে এনসিটিবির মতো জাতীয় প্রতিষ্ঠানের বিদ্যালয় পরিদর্শন দেশের শিক্ষা খাতকে আরও সুন্দর ও গতিশীল হতে সহায়ক ভূমিকা পালন করতে হবে।
মোঃ মহিউদ্দিন,
গবেষণা কর্মকর্তা,
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড ( এনসিটিবি), ঢাকা।









