ঢাকা, ১ ফেব্রুয়ারি ২০২৫
নির্বাচনকে সামনে রেখে গণতান্ত্রিক অংশগ্রহণ ও দায়িত্বশীল ডিজিটাল নাগরিকত্ব জোরদারের লক্ষ্যে মিডিয়া ও তথ্য সাক্ষরতা (MIL) বিষয়ে দুই দিনব্যাপী Training of Trainers (ToT) প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ৩০–৩১ জানুয়ারি ২০২৬ তারিখে ঢাকার BIAM Foundation-এ আয়োজিত এই প্রশিক্ষণে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ২৯ জন শিক্ষক অংশগ্রহণ করেন।
কর্মসূচিটি ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের তথ্য অধ্যয়ন বিভাগ কর্তৃক মিডিয়া অ্যান্ড ইনফরমেশন লিটারেসি নেটওয়ার্ক বাংলাদেশ (MILNetBD) ও UNESCO-এর সহযোগিতায় জাতিসংঘের নির্বাচনী প্রকল্প BALLOT-এর আওতায় বাস্তবায়িত হয়।
এই প্রশিক্ষণের উদ্দেশ্য ছিল বিশ্ববিদ্যালয় শিক্ষকদের তথ্যের সমালোচনামূলক মূল্যায়ন, ভ্রান্ত ও বিভ্রান্তিকর তথ্য মোকাবিলা এবং নৈতিকভাবে গণমাধ্যম ব্যবহারের দক্ষতা বৃদ্ধি করা। ডিজিটাল ও কৃত্রিম বুদ্ধিমত্তা-নির্ভর বর্তমান তথ্য পরিবেশে বিশেষত নির্বাচনকালীন সময়ে এই সক্ষমতাগুলো সচেতন ও তথ্যভিত্তিক নাগরিক অংশগ্রহণ নিশ্চিত করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশিক্ষণ কর্মসূচির পরবর্তী ধাপে অংশগ্রহণকারী শিক্ষকরা নিজ নিজ প্রতিষ্ঠানে মিডিয়া ও তথ্য সাক্ষরতা (MIL) চর্চা বিস্তৃত করবেন। এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সচেতন, দায়িত্বশীল ও প্রমাণভিত্তিক নাগরিক সম্পৃক্ততা জোরদার করার লক্ষ্য নেওয়া হয়েছে।
এই ToTকর্মসূচিতে প্রশিক্ষণ প্রদান করেন জাতীয় ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত চারজন বিশেষজ্ঞ: অধ্যাপক ড. দিলারা বেগম, চেয়ারম্যান, তথ্য অধ্যয়ন বিভাগ, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় এবং সভাপতি, MILNetBD; জনাব গৌতম মণ্ডল, সাংবাদিক ও গবেষক, দৈনিক সমকাল; অধ্যাপক ড. মো. রোকনুজ্জামান, চেয়ারম্যান, তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জনাব নাদিম ফরহাদ, শান্তি ও উন্নয়ন কর্মকর্তা, জাতিসংঘ আবাসিক সমন্বয়কারীর কার্যালয়।
প্রশিক্ষণ মডিউলসমূহ UNESCO Media and Information Literacy Guidebook অনুসরণ করে তৈরি করা হয় এবং বাংলাদেশের প্রেক্ষাপটে উপযোগী করে উপস্থাপন করা হয়। আলোচ্য বিষয়গুলোর মধ্যে ছিল তথ্য যাচাই কৌশল, ভ্রান্ত ও ঘৃণামূলক বক্তব্য, দায়িত্বশীল সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার, ডিজিটাল নৈতিকতা, গোপনীয়তা ও তথ্য সুরক্ষা, মেধাস্বত্ব অধিকার, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs) এবং নৈতিক ডিজিটাল নাগরিকত্ব।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. সুসান ভাইজ, বাংলাদেশে নিযুক্ত UNESCO-এর প্রতিনিধি ও অফিস প্রধান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মোহাম্মদ আশিক মোসাদ্দিক, প্রো-ভাইস চ্যান্সেলর, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়। সনদ বিতরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি ঘটে, যেখানে আয়োজকরা বাংলাদেশে গণতান্ত্রিক মূল্যবোধ সুদৃঢ়করণ এবং তথ্য দূষণের বিরুদ্ধে সামাজিক সহনশীলতা গড়ে তোলার প্রতি তাদের যৌথ অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।







