মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট ছাইফুর রহমানের এক সমর্থককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার রাতে মিরসরাই পৌরসদরের ফুটওভার ব্রিজে প্রতীকে আলোকসজ্জা করে প্রচার চালানোর অভিযোগে ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি স্থানীয় নির্বাচনী আচরণবিধিমালা-২০২৫-এর বিধি ১৩ (গ) লঙ্ঘন করেন। এর ফলে বিধিমালা ২৭ (ক) অনুযায়ী স্থানীয় দোকান মালিক ও জামায়াতে ইসলামী সমর্থক দেলোয়ার হোসেন মাসুদকে ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের।
মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট ছাইফুর রহমানের এক সমর্থককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় অবৈধভাবে স্থাপন করা আলোকসজ্জা তাৎক্ষণিকভাবে অপসারণের নির্দেশ দেওয়া হয় এবং তা সম্পূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করা হয়। নির্বাচনী পরিবেশ সুষ্ঠ ও নিরপেক্ষ রাখতে আচরণবিধি কঠোরভাবে বাস্তবায়ন করা হবে।







