সাহাব উদ্দিন রিটু,বান্দরবান:
নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টিকারীকে অপরাধী হিসেবে দেখা হবে। সে কোন দল বা মতের তা বিবেচিত হবে না।ভোটাররা নিরাপদে ভোট দিতে আইন শৃঙ্খলা বাহিনী কঠোর নজরদারি রাখবে। এক্ষেত্রে সাংবাদিকদের দেয়া বস্তুনিষ্ঠ তথ্যকে মুল্যায়ন করা হবে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বেলা ১২ টায় উপজেলা পরিষদ মিলনায়াতনে লামায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে আলীকদম জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ আশিকুর রহমান আশিক, এসপিপি, পিএসসি এসব কথা বলেন। নির্বাহী কর্মকর্তা মোঃ মঈন উদ্দিন এর সভাপতিত্বে
আয়োজিত মতবিনিময় সভায় এসময় বিশেষ অতিথি ছিলেন, আলীকদম জোনের উপ-অধিনায়ক মেজর মোঃ আবুল হাসান পলাশ,পিএসসি, আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আলম, আলীকদম জোনের জোনাল স্ট্যাফ অফিসার ক্যাপ্টেন তাওহীদ ইসলাম,লামা ও আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ।
সভায় সাংবাদিকদের পরিচয় পর্বশেষে জোন কমান্ডার
আরও বলেন,আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণ ভোটকে সামনে রেখে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সিভিল ও আধা সামরিক প্রশাসনের পাশাপাশি সেনাবাহিনীর ব্যাপক প্রস্তুতি রয়েছে। এই নির্বাচনে জনগনের আকাঙ্খা পূরণের লক্ষ্যকে কেউ প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করলে কঠোর ব্যাবস্থা গ্রহন করা হবে। নির্বাচনী দায়িত্বে যদি বিতর্কিত কেউ থাকে, তাকে ট্রেস করে দেয়ার সাথে সাথে নির্বাচন কমিশন কার্যকরী ব্যাবস্থা নিবেন।
পরে জোন কমান্ডার লামা প্রেসক্লাব পরিদর্শন করেন।১৯৯১ সালে সেনা মৈত্রীর অর্থায়নে নির্মিত প্রেসক্লাবের দেয়ালে শ্বেত পাথরে লিখা প্রতিষ্ঠাতা সেনা কর্মকর্তাদের নাম ফলক দেখেন। এ সময় ক্লাবের সাংগঠনিক শৃঙ্খলার প্রসংশা করেন এবং আলীকদম প্রেসক্লাবকে গণমূখী করার আহ্বান জানান।







