মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
দখল দুষণ ও নাব্যতা সংকটে মৃতপ্রায় মিরসরাইয়ের খালগুলো। উপজেলার কৃষি ও সেচের সাথে ওতোপ্রোতভাবে জড়িত খালগুলো বছরের পর বছর সংস্কার ও পুণঃখননের অভাবে মৃতপ্রায়। বামনসুন্দর খাল তেমনি একটি গুরুত্বপূর্ন খাল। পুনঃখননের উদ্যোগে আবারো আশা জাগাচ্ছে মৃতপ্রায় বামনসুন্দর খাল। সরকার নতুন করে সংস্কারের উদ্যোগ নেওয়ায় বিষয়টিকে ইতিবাচক ও সাধুবাদ জানিয়েছে স্থানীয়রা। সোমবার (১৬ মার্চ) বেলা ১১ টায় বাংলাদেশ সরকারের অগ্রাধিকার কর্মসূচির আওতায় প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে দেশব্যাপী নদী-নালা-খাল, জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচীর অংশ হিসেবে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন কর্তৃক মিরসরাই উপজেলার বামনসুন্দর খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। খাল পুনঃখনন উপলক্ষে মলিয়াইশ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশ চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, মিরসরাইয়ের সংসদ সদস্য নুরুল আমিন, চট্টগ্রাম বিভাগের কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, চট্টগ্রামের পুলিশ কমিশনার মোহাম্মদ নাজির আহমেদ খাঁন, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের প্রধান প্রকৌশলী (সেচ) মুহাম্মদ বদিউল আলম সরকার, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের প্রকল্প পরিচালক ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. নুরুল ইসলাম। মিরসরাই উপজেলা প্রশাসনের আয়োজনে এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) এর বাস্তবায়নে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার সোমাইয়া আক্তার।
এলাকাবাসী জানান, এক সময় পানির তীব্র স্রোত ছিল এ খালে। এ খালের পানি ব্যবহার হতো আশপাশের কৃষকদের জমি চাষে। অথচ বর্তমানে খালের বড় একটি অংশজুড়ে ময়লা-আবর্জনা, অপচনশীল বর্জ্য ও দখল হয়ে যাওয়ায় পানির স্বাভাবিক গতি হারিয়ে গেছে। এতে করে এলাকার চাষাবাদ ব্যহত হওয়ার পাশাপাশি বর্ষা মৌসুমে জলাবদ্ধতা দেখা দেয়।
জানা গেছে, পাহাড়ের পাদদেশ থেকে খালটির যাত্রা শুরু হয়ে সাহেরখালী ইউনিয়ন, মিঠানালা ইউনিয়ন, কাটাছরা, মঘাদিয়া হয়ে মিরসরাইয়ের উপকূলীয় এলাকা পর্যন্ত বিস্তৃত হয়েছে। উপজেলার দুর্গাপুর, ও মিরসরাই সদর ইউনিয়নের পানি দুর্গাপুর খাল, মলিয়াইশ খাল হয়ে বামনসুন্দর খালে গিয়ে পড়ে। বর্তমান সরকার সারাদেশের খালগুলো পুণঃখননের উদ্যোগ নিয়েছে। প্রাথমিক অবস্থায় মিঠানালা ইউনিয়নের আলিরপোল এলাকা বানাতলী পর্যন্ত তিন কিলোমিটার এলাকা পুনঃখনন করা হবে। ২৪ কিলোমিটার দৈর্ঘ্যর খালটির সংস্কার কাজ শেষ হলে উপকারভোগী হবে সাধারণ কৃষক। কৃষিতে সেচ নিশ্চিত করা যাবে প্রায় ১৫ হাজার হেক্টর জমিতে। পর্যাপ্ত সেচের পানির অভাবে দীর্ঘদিন ধরে উৎপাদন ব্যাহত হচ্ছিলো খাল সংলগ্ন কৃষকদের।
কাটাছরা ইউনিয়নের কৃষক নুরুল আবছার বলেন, এক সময় এই খালের পানি দিয়ে চাষাবাদ হতো। খাল ভরাট ও দখল হয়ে যাওয়ায় অনেক বছর ধরে মানুষ শুষ্ক মৌসুমে চাষবাদ থেকে বঞ্চিত ছিল। এবার পুনঃখনন করা হলে এখানকার কৃষকরা উপকৃত হবে।
মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত খালা কাটা ও পুণঃখনন কর্মসূচির অংশ হিসেবে বামনসুন্দর খাল পুণঃখনন শুরু হবে। সোমবার বেলা ১১ টায় আনুষ্ঠানিক উদ্বোধন করবেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এরপর মলিয়াইশ উচ্চ বিদ্যালয় মাঠে সুধী সমাবেশ অনুষ্ঠিত হবে।
মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার সোমাইয়া আক্তার বলেন, বামনসুন্দর খালটি পুনঃখনন এলাকার মানুষের দীর্ঘদিনের দাবী ছিল। অবশেষে খালের ৩ কিলোমিটারে পুনঃখনন শুরু হচ্ছে। সোমবার বেলা ১১টা নগাদ পুনঃখনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন অর্থ মন্ত্রণালয় ও পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। খালটি পুনঃখনন হলে কয়েকটি ইউনিয়নের প্রায় সহস্রাধিক কৃষক উপকৃত হবে।







