মো জহির খান
জেলা প্রতিনিধি ফেনী
ফেনীর ছাগলনাইয়া উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পুরাতন মুহুরীগঞ্জ এলাকায় আরও একটি প্রাণহানি ঘটল। মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যায় স্টারলাইন কাউন্টারের সামনে মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির অজ্ঞাত এক যানবাহনের ধাক্কায় আমিনুল হক মিয়া (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।
নিহত আমিনুল হক মিয়া ছাগলনাইয়া থানার দৌলতপুর গ্রামের মকবুল হকের পুত্র।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দাদের তথ্যমতে, মঙ্গলবার সন্ধ্যার দিকে আমিনুল হক মিয়া প্রয়োজনীয় কাজে মহাসড়ক পার হচ্ছিলেন। মহাসড়কের পুরাতন মুহুরীগঞ্জ স্টারলাইন কাউন্টারের সামনে পৌঁছামাত্রই দ্রুতগতির একটি যান তাকে সজোরে চাপা দিয়ে মুহূর্তের মধ্যে ঘটনাস্থল ত্যাগ করে। আকস্মিক এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার খবর পেয়েই পুরাতন মুহুরীগঞ্জ পুলিশ ফাঁড়ির একটি দল দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে উদ্ধারকার্য সম্পন্ন করে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘাতক যানটি শনাক্ত করতে ওই এলাকার সিসিটিভি ফুটেজ যাচাই-বাছাই করা হচ্ছে।
ফাজিলপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা জানান, “আমরা নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়ার অপেক্ষায় আছি। আপাতত একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। আমরা দ্রুততম সময়ের মধ্যে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ঘাতক যানটিকে শনাক্ত করব এবং আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”







