জিয়ারত জুয়েল : টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাশিল ইউনিয়নের বিয়ালা এলাকায় রাস্তার পাশের জঙ্গল থেকে পরিত্যক্ত অবস্থায় এক নবজাতক কন্যাশিশুকে উদ্ধার করেছেন স্থানীয়রা। পরে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।
বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে উপজেলার বিয়ালা মাদ্রাসার উত্তর পাশের জঙ্গল থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। স্থানীয়দের ভাষ্য, জঙ্গল থেকে ভেসে আসা কান্নার শব্দ শুনে আশপাশের লোকজন সেখানে গিয়ে নবজাতক কন্যাশিশুটিকে দেখতে পান। পরে তাকে উদ্ধার করে প্রথমে বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে মাথায় আঘাতের চিহ্ন থাকায় উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠান।
উদ্ধারকারী শারমিন বেগম বলেন, রাস্তার পাশের জঙ্গল থেকে কান্নার শব্দ শুনে তিনি ঘটনাস্থলে যান। পরে ভাগ্নে রফিকুল ইসলামকে ডেকে এনে জঙ্গল থেকে নবজাতকটিকে উদ্ধার করেন। তিনি জানান, শিশুটির মাথায় আঘাতের দাগ ছিল এবং শরীরজুড়ে পিঁপড়া লেগে ছিল।
রফিকুল ইসলাম বলেন, খালার ডাকে ঘটনাস্থলে গিয়ে জঙ্গলের মধ্যে নবজাতকটিকে দেখতে পান। পরে দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেন জানান, উদ্ধার হওয়া নবজাতক কন্যাশিশুটি বর্তমানে উপজেলা সমাজসেবা কর্মকর্তার তত্ত্বাবধানে রয়েছে। মাথায় আঘাত থাকায় তাকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। শিশুটি সুস্থ হলে প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।








