Arts Altera-এর আয়োজনে অনুষ্ঠিত হলো “Sounds from the Soul”
ঢাকা, ২১ আগস্ট ২০২৬: পেশাগত জীবনের পাশাপাশি যারা গান, কবিতা, ছবি আঁকা, অভিনয়, নাচ কিংবা অন্যান্য সৃজনশীল চর্চা করেন, তাদের প্রতিভাকে সামনে নিয়ে আসার উদ্যোগ Arts Altera। LifeCourse-এর এই উদ্যোগের মূল ভাবনা—একজন মানুষ শুধু তাঁর পেশা দিয়ে পরিচিত নন; তাঁর ভেতরে রয়েছে আরও একটি সৃজনশীল সত্তা।
এই ভাবনার অংশ হিসেবে Arts Altera আয়োজন করেছিল বিশেষ সংগীত সন্ধ্যা “Sounds from the Soul”। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন ইফতেখারুল চিশতি, যিনি পেশায় একজন মিডিয়া সংশ্লিষ্ট ব্যক্তিত্ব। কর্পোরেট জীবনের বাইরে তিনি গল্প, উপন্যাস ও কবিতা লেখার পাশাপাশি গানও করেন। এতদিন তাঁর গান মূলত বন্ধুদের আড্ডাতেই সীমাবদ্ধ ছিল। যারা তাঁর গান শুনেছেন, তারা তাঁর কণ্ঠ ও পরিবেশনায় মুগ্ধ হয়েছেন। এবার সেই গানই আরও বড় পরিসরে শ্রোতাদের কাছে পৌঁছে যায় Sounds from the Soul-এর মাধ্যমে।
অনুষ্ঠানে ইফতেখারুল চিশতি পরিবেশন করেন বাংলা, হিন্দি ও উর্দু ভাষার বেশ কিছু জনপ্রিয় গান। তাঁর পরিবেশনায় ছিল কিশোর কুমার, পঙ্কজ উদাস, বাপ্পি লাহিড়ী, মেহেদী হাসান, মাহেন্দ্র কাপুর ও হরিহরণের কালজয়ী গানসহ বিভিন্ন সময়ের জনপ্রিয় সংগীত। কিশোর কুমারের বাংলা ও হিন্দি গানের পাশাপাশি পঙ্কজ উদাসের গজল এবং মেহেদী হাসানের উর্দু গানগুলো সন্ধ্যাকে বিশেষভাবে সমৃদ্ধ করে। পরিচিত সুর ও গানের মধ্য দিয়ে তিনি দর্শকদের নিয়ে যান নস্টালজিয়া, প্রেম, বিরহ ও জীবনের নানা অনুভূতির এক সংগীতময় ভ্রমণে।
তাঁর পরিবেশনায় ছিল আবেগ, ব্যক্তিগত অনুভূতি এবং সংগীতের প্রতি দীর্ঘদিনের ভালোবাসার প্রকাশ। পেশাগত পরিচয়ের বাইরে তাঁর এই সৃজনশীল সত্তাকে কাছ থেকে আবিষ্কার করার সুযোগ পান উপস্থিত দর্শকরা। সন্ধ্যাটি তাই শুধু একটি সংগীতানুষ্ঠান ছিল না; এটি ছিল একজন পেশাজীবীর ‘অন্য আমি’-কে আবিষ্কার ও উদযাপনের একটি বিশেষ আয়োজন।
অনুষ্ঠান: ২১ আগস্ট ২০২৬
সময়: সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত
স্থান: যাত্রা বিরতি, বনানী, ঢাকা
Arts Altera বিশ্বাস করে, পেশার বাইরের সৃজনশীল চর্চা মানুষের জীবনকে আরও সমৃদ্ধ, আনন্দময় ও অর্থবহ করে। এই উদ্যোগের মাধ্যমে পেশাজীবীদের সেই সৃজনশীল সত্তাকে প্রকাশ, বিকাশ ও উদযাপনের একটি প্ল্যাটফর্ম তৈরি করতে চায় LifeCourse।
Arts Altera — পেশার বাইরে, নিজের আরেক পরিচয়।









