আশরাফুল আলম সরকার গাজীপুর জেলা প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে বাংলা সাহিত্যের কালজয়ী কবি জীবনানন্দ দাশের ৭২তম প্রয়াণদিবস উপলক্ষে আলোচনা সভা ও কবিতা পাঠ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে কবির জীবন, সাহিত্যকর্ম ও বাংলা কবিতায় তাঁর অবদান নিয়ে আলোচনা করেন কবি, সাহিত্যিক, শিক্ষক ও সাংস্কৃতিক ব্যক্তিরা।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেল ৪টায় শ্রীপুর নবাকরণ ক্লাব ও শ্রীপুর সাহিত্য পরিষদের যৌথ আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল ‘জীবনানন্দ দাশ : বিপন্ন বিশ্ব’।
শ্রীপুর নবাকরণ ক্লাবের প্রধান উপদেষ্টা মো. হুমায়ুন কবির সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শ্রীপুর নবাকরণ ক্লাবের সাংগঠনিক সম্পাদক টিপু সুলতান
অনুষ্ঠানে বক্তব্য দেন শ্রীপুর নবাকরণ ক্লাবের উপদেষ্টা কামরুল হাসান মণ্ডল মিলন ও শ্রীপুর সরকারি কলেজের প্রভাষক মফিজুল ইসলাম বুলবুল।
আলোচনায় অংশ নেন শ্রীপুর সরকারি কলেজের কবি, প্রাবন্ধিক ও সাবেক বিভাগীয় প্রধান (ইতিহাস) মো. সেলিম মোল্লা, পিয়ার আলী কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান আহাম্মদুল কবীর, কবি ও নাট্যকার এবং পিয়ার আলী কলেজের সহকারী অধ্যাপক মমিনুল ইসলাম মোল্লা এবং প্রাইম ইউনিভার্সিটির বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ইসরাফিল হোসেন।
এ সময় শ্রীপুর সাহিত্য পরিষদের সভাপতি রানা মাসুদ, লোহাগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান, নদী ও প্রকৃতি ফাউন্ডেশনের চেয়ারম্যান খোরশেদ আলম এবং শ্রীপুর সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক মহসিন আহমেদ বক্তব্য দেন।
বক্তারা বলেন, জীবনানন্দ দাশ বাংলা কবিতায় আধুনিকতার নতুন মাত্রা যুক্ত করেছেন। প্রকৃতি, মানুষ, ইতিহাস ও জীবনবোধ তাঁর কবিতার অন্যতম প্রধান বৈশিষ্ট্য। সময়ের পরিবর্তনের সঙ্গে তাঁর কবিতা আরও প্রাসঙ্গিক হয়ে উঠছে। নতুন প্রজন্মের মধ্যে সাহিত্যচর্চা ও কবিতা পাঠের অভ্যাস গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে কবিতা পাঠের পাশাপাশি জীবনানন্দ দাশের সাহিত্যকর্ম নিয়ে আলোচনা করা হয়। বক্তারা নতুন প্রজন্মকে বাংলা সাহিত্য ও কবিতার সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে কবি, সাহিত্যিক, শিক্ষক, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী ও সাহিত্যপ্রেমীরা উপস্থিত ছিলেন।








