রাঙ্গামাটির সাজেক ভ্যালিতে সড়ক অবরোধে আটকে পড়া প্রায় তিন হাজার পর্যটককে নিরাপদে উদ্ধার করেছে সেনাবাহিনী ও পুলিশ। উদ্ধার অভিযান পরিচালনাকালে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সশস্ত্র সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পর্যটকদের লক্ষ্য করে আনুমানিক ৩০ থেকে ৪০ রাউন্ড গুলিবর্ষণ করেছে বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার সাজেকের গঙ্গারাম বাজার এলাকায় ইউপিডিএফের সশস্ত্র সদস্যরা স্থানীয় জনগণকে জোরপূর্বক মানবঢাল হিসেবে ব্যবহার করে সড়ক অবরোধ করে। এ সময় তারা পর্যটক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর গুলিবর্ষণ করলে সাজেক-বাঘাইহাট সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং ভ্রমণরত প্রায় তিন হাজার পর্যটক আটকা পড়েন।
উদ্বুদ্ধ পরিস্থিতিতে আটকে পড়া পর্যটকদের নিরাপদে খাগড়াছড়িতে পৌঁছে দিতে সেনাবাহিনী ও পুলিশ যৌথ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করে। সকাল ১০টার দিকে গঙ্গারাম বাজার এলাকায় সড়ক অবরোধকারীরা আবারও প্রতিবন্ধকতা তৈরি করলে যৌথ বাহিনীর টহল দল আলোচনার মাধ্যমে সমাধানের উদ্যোগ নেয়।
কিন্তু পৌনে ১১টার দিকে ইউপিডিএফের প্ররোচনায় অবরোধকারীরা হঠাৎ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পর্যটকদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনা সদস্যরা লাঠিচার্জ করে অবরোধকারীদের ছত্রভঙ্গ করে দেন এবং যানবাহন চলাচলের ব্যবস্থা করেন।
পরবর্তী সময়ে সকাল ১১টার দিকে ইউপিডিএফের সশস্ত্র সদস্যরা আচমকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পর্যটকদের লক্ষ্য করে আনুমানিক ৩০ থেকে ৪০ রাউন্ড গুলি চালায়। জবাবে সেনাবাহিনীর টহল দল আত্মরক্ষা ও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে পাল্টা গুলি ছুড়লে সশস্ত্র ব্যক্তিরা পালিয়ে যায়। পরে যৌথ প্রচেষ্টায় অবরুদ্ধ সব পর্যটককে নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হয়। এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আইএসপিআর জানায়, প্রাথমিক তথ্য অনুযায়ী ইউপিডিএফের এই সহিংসতা পূর্বপরিকল্পিত। পার্বত্য অঞ্চলে নিয়মিত অভিযানের কারণে কোণঠাসা হয়ে পড়া সংগঠনটির সশস্ত্র সদস্যরা সাজেক পর্যটন এলাকায় অবস্থান নিয়েছে।
সাধারণ মানুষকে ভয় দেখিয়ে মানবঢাল বানানো এবং পর্যটকদের ঝুঁকির মুখে ফেলার এই আচরণ অত্যন্ত উদ্বেগজনক। তবে পার্বত্য চট্টগ্রামের শান্তি, স্থিতিশীলতা ও পর্যটকদের জানমালের নিরাপত্তা রক্ষায় যৌথ বাহিনীর এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।








