মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই অংশে চলন্ত যানবাহন লক্ষ্য করে ভারী বস্তু ছুড়ে বিকট শব্দ সৃষ্টি করে গাড়ি থামানোর চেষ্টা করছে ছিনতাইকারী চক্র। টায়ার পাংচার হয়েছে মনে করে চালক নির্জন স্থানে গাড়ি থামালেই সুযোগ বুঝে হামলা ও মালামাল লুটে নেওয়ার চেষ্টা করছে দুর্বৃত্তরা। বিশেষ করে মহাসড়কের মিরসরাইয়ের ২৯ কিলোমিটার অংশে রাতের আঁধারে অতীতে একাধিক চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এমন পরিস্থিতিতে যাত্রী ও যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতে সচেতনতামূলক প্রচারণা চালিয়েছে মিরসরাই থানা পুলিশ।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই অংশের বিভিন্ন স্থানে চলাচলকারী যানবাহনের চালকদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন। এ সময় চালকদের মহাসড়কে চলাচলের ক্ষেত্রে সতর্ক থাকার পাশাপাশি সন্দেহজনক কোনো ব্যক্তি বা ঘটনা চোখে পড়লে দ্রæত পুলিশকে জানানোর পরামর্শ দেওয়া হয়।
পুলিশের বিতরণ করা লিফলেটে বলা হয়েছে, ‘হঠাৎ বিকট শব্দে যত্রতত্র গাড়ি থামাবেন না। এটা ছিনতাইকারীদের নতুন কৌশল। ছিনতাইকারী চক্র রাতের যেকোনো সময় হাইওয়েতে কৌশলে গাড়ি থামাতে শব্দ করে। এসব শব্দে কখনোই গাড়ি থামাবেন না।’
লিফলেটে আরও বলা হয়, অপরিচিত স্থানে রাস্তার পাশে গাছের ডাল, পাথর কিংবা অন্য কোনো প্রতিবন্ধকতা দেখলে অথবা অপরিচিত কেউ হাত দেখালে গাড়ি থামানো যাবে না। প্রয়োজনে গতি বাড়িয়ে নিরাপদ স্থানে চলে যেতে হবে। গাড়িতে ওঠার পরপরই সব দরজা ও জানালা ভালোভাবে বন্ধ রাখতে হবে। যানজট কিংবা সিগন্যালে দাঁড়ালে জানালার কাচ নামানো থেকেও বিরত থাকতে হবে। রাতে যাত্রাবিরতির প্রয়োজন হলে নির্জন পেট্রোল পাম্প কিংবা রাস্তার পাশে না থেমে জনবহুল ও আলোকিত হাইওয়ে রেস্তোরাঁ অথবা পুলিশ চেকপোস্টের কাছাকাছি অবস্থান করার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি বাসে বা যাত্রাপথে অপরিচিত ব্যক্তির দেওয়া কোনো খাবার কিংবা পানীয় গ্রহণ না করার বিষয়ে সতর্ক করা হয়েছে। চালকদের জন্য দেওয়া নির্দেশনায় ট্রাফিক সিগন্যাল ও সড়কচিহ্ন মেনে চলা, মোবাইল ফোনে কথা বলা অবস্থায় গাড়ি না চালানো, গতি নিয়ন্ত্রণে রাখা, ওভারটেকিংয়ে সতর্কতা অবলম্বন এবং যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ রাখার কথা বলা হয়েছে। এ ছাড়া মাদকাসক্ত কিংবা ঘুমের ঘোরে গাড়ি চালানো এবং নির্ধারিত স্থান ছাড়া পার্কিং না করার পরামর্শ দেওয়া হয়েছে। মোটরসাইকেল চালক ও আরোহীদের জন্যও রয়েছে বিশেষ নির্দেশনা। এতে উভয়কে হেলমেট ব্যবহার, নিবন্ধন ও ড্রাইভিং লাইসেন্স সঙ্গে রাখা, তিনজন আরোহী নিয়ে চলাচল এবং ফুটপাতে মোটরসাইকেল চালানো থেকে বিরত থাকার আহŸান জানানো হয়েছে।
মিরসরাই থানার ওসি ফরিদা ইয়াসমিন বলেন, মহাসড়কে চলাচলকারী যানবাহন লক্ষ্য করে দুর্বৃত্তরা বিভিন্ন ধরনের ভারী বস্তু ছুড়ে বিকট শব্দ সৃষ্টি করে। এতে চালকরা অনেক সময় টায়ার পাংচার হয়েছে মনে করে নির্জন স্থানে গাড়ি থামান। মূলত এই সুযোগ কাজে লাগিয়ে ছিনতাইয়ের চেষ্টা করে তারা। এ ধরনের অপরাধ প্রতিরোধে মহাসড়কের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে পুলিশ সদস্যদের টহলের দায়িত্ব দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, পুলিশের নিয়মিত টহলের পাশাপাশি চালক ও যাত্রীদের সচেতন হওয়াও জরুরি। হঠাৎ কোনো শব্দ হলে কিংবা অপরিচিত স্থানে কোনো প্রতিবন্ধকতা দেখলে যত্রতত্র গাড়ি থামানো যাবে না। নিরাপদ ও জনবহুল স্থানে গিয়ে বিষয়টি যাচাই করতে হবে। কোনো সন্দেহজনক ঘটনা চোখে পড়লে দ্রæত পুলিশকে জানাতে হবে। মহাসড়কে যাত্রী ও যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের এ তৎপরতা অব্যাহত থাকবে।








